আলফাজকে অব্যাহতি দিলো মোহামেডান

Printed Edition
khela-2
আলফাজকে অব্যাহতি দিলো মোহামেডান

ক্রীড়া প্রতিবেদক

সাম্প্রতিক সময়ের চরম হতাশাজনক পারফরম্যান্সের কারণে চলমান ‘বাংলাদেশ ফুটবল লিগ’ মৌসুমের মাঝপথেই বড় রদবদল আনলো ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড। দলের প্রধান কোচ আলফাজ আহমেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে ক্লাবটির পরিচালনা পর্ষদ।

গতকাল মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিরেক্টর (স্পোর্টস) মোস্তাকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আলফাজকে ছাঁটাইয়ের বিজ্ঞপ্তি দেয়া হয়। কোচ পরিবর্তনের পাশাপাশি দলের নতুন দায়িত্ব বণ্টনের কথাও উল্লেখ করা হয়েছে। আলফাজের স্থলাভিষিক্ত হিসেবে ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন সহকারী কোচ আব্দুল কায়ূম সেন্টু। একই সাথে, ফুটবল দলের সার্বিক দায়িত্ব পালনের জন্য ক্লাবের স্থায়ী সদস্য আমিরুল ইসলাম বাবুকে ‘টিম লিডার’ হিসেবে নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে ।

অব্যাহতির ব্যাখ্যায় ঐতিহ্যবাহী সাদাকালো শিবির থেকে বলা হয়, মোহামেডান ফুটবল দলের সাম্প্রতিক পারফরম্যান্স অত্যন্ত হতাশাজনক, যা ক্লাবটিকে রীতিমতো বিপর্যয়ের সম্মুখীন করেছে। দলের এমন আশানুরূপ ফলাফল না হওয়ায় ক্লাবের পরিচালনা পর্ষদ, কর্মকর্তা এবং অগণিত সমর্থকেরা মর্মাহত হওয়ার পাশাপাশি গভীর অসন্তুষ্টি প্রকাশ করেছেন। তাই দলকে পুনরায় ধারাবাহিক সাফল্য ও উন্নয়নের দিকে ধাবিত করতেই এই সিদ্ধান্ত নেয় পরিচালনা পর্ষদ।

বর্তমানে বাংলাদেশ ফুটবল প্রিমিয়ার লিগে মোহামেডানের অবস্থান মোটেই স্বস্তিদায়ক নয়। ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তারা রয়েছে সপ্তম স্থানে এবং রেলিগেশন অঞ্চলের খুব কাছাকাছি অবস্থান করছে। একই সঙ্গে ফেডারেশন কাপ-এও তাদের পারফরম্যান্স অনিশ্চয়তায় ঘেরা। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে বি গ্রুপে চতুর্থ স্থানে থেকে প্লে-অফে উঠতে শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা আট ম্যাচ জয়হীন থাকা ক্লাবটির জন্য বড় উদ্বেগ।

তবে এই বিদায়ের পেছনে রয়েছে এক উজ্জ্বল অতীতও। ২০২৩ সালে দায়িত্ব নেয়ার পর আলফাজ আহমেদ ভেঙে পড়া দলকে গড়ে তুলেছিলেন নতুন করে। তার অধীনেই দীর্ঘ ২৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে লিগ শিরোপা জেতে মোহামেডান। একই বছরে চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনী লিমিটেডকে হারিয়ে জিতে নেয় ফেডারেশন কাপ। মোহামেডানের এই সিদ্ধান্ত শুধু একটি কোচ পরিবর্তনের ঘোষণা নয়, এটি মূলত একটি বার্তা যা বর্তমান ব্যর্থতা কাটিয়ে দ্রুত সাফল্যের ধারায় ফিরতে চায় সাদা-কালোরা।

হঠাৎ বিদায়ে কিছুটা অবাক হলেও পেশাদারত্বের সাথেই সিদ্ধান্ত মেনে নিয়েছেন আলফাজ। তিনি বলেন, ‘কয়েক ঘণ্টা আগেও আমি এমন কিছু আঁচ করতে পারিনি। আমি আজও (গতকাল) দলকে অনুশীলন করিয়েছি। সন্ধ্যায় ক্লাবে থাকতে থাকতেই এমন কিছুর আভাস পাচ্ছিলাম। এরপর বাসায় এসে চিঠি পেয়েছি।’

বর্তমানে মোহামেডানের অবস্থা নিয়ে সহজ স্বীকারোক্তিতে আলফাজ বলেন, ‘দলের ফল খারাপ, তাই আমাকে সরিয়ে দিয়েছে। মোহামেডান বলে নয়, যেকোনো ক্লাব হলেও তাই করত। ক্লাব চাইবেই ভালো ফল। ফলে তাদের সিদ্ধান্ত মেনে নিয়েছি।’

২০২২-২৩ মৌসুমে লিগের মাঝপথে শফিকুল ইসলাম মানিককে সরিয়ে প্রধান কোচের দায়িত্ব দেয়া হয় আলফাজকে। দায়িত্ব নেয়ার পর বড় বাজেটের দল না পেলেও আলফাজ সাফল্য পেয়েছেন। একটি লিগ চ্যাম্পিয়ন ও একটি ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন। রানার্সআপ লিগ (১টি), ফেডারেশন কাপ (১টি), স্বাধীনতা কাপ (১টি) ও চ্যালেঞ্জ কাপ (২টি)।