‘রাঙ্গা সকাল’-এর জন্য ১২টি গান গাইলেন জয়

Printed Edition
bino-5
‘রাঙ্গা সকাল’-এর জন্য ১২টি গান গাইলেন জয়

বিনোদন প্রতিবেদক

‘রাঙ্গা সকাল’ মাছরাঙ্গা টেলিভিশনের জনপ্রিয় একটি শো। আর এই শোতেই প্রথমবারের মতো গান গাওয়ার সুযোগ হলো এই প্রজন্মের শ্রোতাপ্রিয় সঙ্গীতশিল্পী জোবায়ের জাহাঙ্গীর জয়ের। তিন দিন আগে জয় ‘রাঙ্গা সকাল’ অনুষ্ঠানে প্রচারের জন্য ১২টি গান গেয়েছেন। গানগুলো হলো ‘অলিরও কথা শুনে বকুল হাসে’, ‘আমি দূর হতে তোমারে দেখেছি’, ‘কত যে তোমাকে বেসেছি ভালো’, ‘আমার এ দু’টি চোখ পাথরতো নয়’, ‘ভালোবেসে গেলাম শুধু’, ‘বধূয়া আমার চোখে জল এনেছে’, ‘বুঝিনি তো আমি’, ‘আজ দু’জনার দু’টি পথ ওগো দু’টি দিকে গেছে বেঁকে’, ‘এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কী আছে’, ‘বৈশাখী মেঘের কাছে’ ও ‘আমার মন বলে তুমি আসবে’। জোবায়ের জাহাঙ্গীর জয় বলেন, ‘মাছরাঙ্গা টিভি কর্তৃপক্ষ এবং রাঙ্গা সকাল অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা, ভালোবাসা আমাকে এই আয়োজনে গান গাওয়ার সুযোগ দেয়ার জন্য। বাংলাদেশে ও ভারতের কিংবদন্তি শিল্পীদের কণ্ঠের কিছু জনপ্রিয় গান গাওয়ার চেষ্টা করেছি। শ্রদ্ধেয় বশীর আহমেদ, সুবীরনন্দী, হেমন্ত মুখোপাধ্যায়, জগজিৎ সিংসহ আরো বেশ কয়েকজন শিল্পীর গান গেয়েছি। তবে এখানে সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় হচ্ছে- উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীতশিল্পী, সুরস্রষ্টা ও আমার সবচেয়ে প্রিয় শিল্পী শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাডামের কণ্ঠের জনপ্রিয় গান আমার মন বলে তুমি আসবে গাওয়ার চেষ্টা করেছি। যদি কখনো রুনা ম্যাডাম আমার কণ্ঠে গাওয়া এই গানটি দেখেন বা শোনেন , আমার ভুলত্রুটি যেন তিনি ক্ষমা করে দেন। তার প্রতি ভীষণ শ্রদ্ধা ভালোবাসা থেকেই আমি গানটি গাওয়ার চেষ্টা করেছি।’ এদিকে স্টেজ শোতে বছরের শেষপ্রান্তে এসে বেশ ব্যস্ত সময় পার করছেন জোবায়ের জাহাঙ্গীর জয়। এরই মধ্যে ঢাকায় কয়েকটি স্টেজ শোতে সঙ্গীত পরিবেশন করেছেন। সিলেট ক্লাব, খুলনা ক্লাবেও তিনি সঙ্গীত পরিবেশন করেছেন। আজ তিনি রাজধানীর তিনশ’ ফিট এলাকায় একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন। জোবায়ের জাহাঙ্গীর জয়ের লেখা, সুরকার তার নিজেরই গাওয়া ‘ফিরবে না’ গানটি কিছু দিন আগে ধ্রুব মিউজিক স্টেশনে প্রকাশ পায়। জয়ের গাওয়া গানের ‘রাঙ্গা সকাল’ পর্বটি শিগগিরই প্রচার হবে।