স্থানীয় সরকার নির্বাচন
তফসিল ঘোষণার ৭ দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে হবে
Printed Edition
বিশেষ সংবাদদাতা
দেশে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা পাঠাতে মাঠ কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল ইসির জনসংযোগ এবং নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন। ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে আগামী ২৭ আগস্ট।
ইসির সিনিয়র সহকারী সচিব মো: রশিদ মিয়া স্বাক্ষরিত ওই নির্দেশনায় বলা হয়েছে, তফসিল ঘোষণার সাত দিনের মধ্যে চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকার হার্ড কপি ও সফট কপি বাহক মারফত সংশ্লিষ্ট শাখায় পাঠাতে হবে। ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করা হবে ১০ আগস্ট। দাবি আপত্তি জানানোর শেষ সময় ১৮ আগস্ট এবং আপিল নিষ্পত্তি শেষ সময় ২৩ আগস্ট। আর ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৭ আগস্ট।
নির্দেশনায় বিশেষভাবে বলা হয়েছে, ভোটকেন্দ্র স্থাপনের ক্ষেত্রে যতদূর সম্ভব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিদ্যমান অবকাঠামোর সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে স্থায়ী ভোটকক্ষ স্থাপনের উদ্যোগ নেয়া এবং ভবনের অবকাঠামোর অভ্যন্তরে ভোটকক্ষ স্থাপন করা গেলে সে ক্ষেত্রে অস্থায়ী ভোটকক্ষ স্থাপনের প্রস্তাব বাদ দিয়ে তালিকা পাঠানোর অনুরোধ করা হলো।
সম্প্রতি জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ এ বিষয়ে বলেন, আমরা আগামী অক্টোবরের প্রথম সপ্তাহ ধরে প্রস্তুতি নিচ্ছি। সচিবালয় থেকে মাঠ কর্মকর্তাদের এ-সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে। ভোটকেন্দ্রের তালিকা ২৭ আগস্ট প্রকাশের জন্য বলেছি।