লেবানন সীমান্তে হামলায় ইসরাইলি মন্ত্রীর ছেলে গুরুতর আহত
Printed Edition
আলজাজিরা
লেবানন সীমান্তে এক হামলায় আট ইসরাইলি সেনা আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আছেন ইসরাইলের অর্থমন্ত্রী ও কট্টর ইহুদি জাতীয়তাবাদী বা জায়নিস্ট নেতা বেজালেল স্মতরিচের ছেলেও। স্মতরিচ জানিয়েছেন, হামলায় তার ছেলের লিভার বা যকৃৎ তথা কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। তবে এখনো তিনি বেঁচে আছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে স্মতরিচ জানিয়েছেন, লেবানন সীমান্তের কাছে এক হামলায় ইসরাইলের আট সেনা আহত হয়েছেন। সেই হামলায় তার ছেলের কলিজা ছিন্নভিন্ন হয়ে গেছে। স্মতরিচ বলেন, শুক্রবার লেবানন সীমান্তে অবস্থানরত ইসরাইলি সেনাদের লক্ষ্য করে একটি মর্টার শেল নিক্ষেপ করা হয়। তিনি লেখেন, ‘আহতদের একজন আমার প্রিয় ছেলে- বেনিয়া হেবরন।’ কট্টর ডানপন্থী এই ইসরাইলি মন্ত্রী জানান, বিস্ফোরণের ধাতব টুকরা বা শার্পনেল তার ছেলের ‘পিঠ ও পেটে ঢুকে যায়।’ পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। স্মতরিচ আরো বলেন, ‘ঈশ্বরের কৃপায় শার্পনেলের একটি টুকরা তার লিভার ছিঁড়ে পেটের সবচেয়ে বড় রক্তনালির দেয়ালে গিয়ে আটকে থাকে। ঈশ্বর না করুন, যদি সেটি ক্ষতিগ্রস্ত হতো, তাহলে পরিস্থিতি আরো অনেক ভয়াবহ হতে পারত।’