বুড়িমারীতে আছড়ে পড়ল ভারতীয় ড্রোন

Printed Edition

পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মগলীবাড়ি সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে নজরদারির সময় একটি ভারতীয় ড্রোন আছড়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক দেখা দেয়। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মগলীবাড়ি সীমান্তের ৮৪১ মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছে বাংলাদেশের প্রায় ১০ গজ ভেতরে একটি ভারতীয় ড্রোন বিকট শব্দে ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে। ওই সময় এক ব্যক্তি ক্ষেতে কাজ করছিলেন। তার মাথার ওপর দিয়ে ড্রোনটি উড়ে যায়। পরে তিনি বিষয়টি বুড়িমারী বিজিবিকে জানালে তারা এসে ড্রোনটি জব্দ করে নিয়ে যায়। সীমান্তের ওপারে ভারতের ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের অধীন হিমালয় ক্যাম্প রয়েছে। আছড়ে পড়া ড্রোনটি তাদেরই বলে সীমান্তের একটি সূত্র জানায়।

এ দিকে ড্রোনটি বাংলাদেশে কেন প্রবেশ করল, সেটি দিয়ে দেশের অভ্যন্তরে নজরদারি, কোনো বিষয় রেকর্ড বা ভিডিও করা হচ্ছিল কি না তা ক্ষতিয়ে দেখছে বিজিবি। তবে ড্রোনটি উদ্ধারে বিএসএফ তৎপরতা চালাচ্ছে।

সীমান্ত সূত্র জানায় উপজেলার ধবলসতী গাটিয়ার ভিটা সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী ড্রোন দিয়ে প্রায়ই নজরদারি চালায়, যা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। তিস্তা ৬১ বিজিবি ব্যালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ মুজাহিদ মাসুম নয়া দিগন্তকে বলেন দুপর ১২টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে। আমরা সেটি (ড্রোন) জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।