শাবিপ্রবির ভর্তি পরীক্ষায় ৭৫ হাজারের বেশি আবেদন

Printed Edition

শাবিপ্রবি প্রতিনিধি

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার আবেদনপ্রক্রিয়া শেষ হয়েছে। এ বছর ভর্তি পরীক্ষায় আবেদন করেছেন ৭৫ হাজার ৪৬ জন শিক্ষার্থী।

শুক্রবার রাতে ভর্তি কমিটির সদস্যসচিব মোহাম্মদ সেলিম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন। গত ৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন গ্রহণ করা হয়।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৩ জানুয়ারি বেলা ৩টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরদিন ১৪ জানুয়ারি একই সময়ে বি ইউনিটের পরীক্ষা নেয়া হবে। ঢাকা ও সিলেটের বিভিন্ন কেন্দ্রে একসাথে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।

চলতি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে মোট এক হাজার ৫৬৬টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এছাড়া সোসাইটিজ মেরিট অ্যালোকেশন (এসএমএ) কোটার আওতায় অতিরিক্ত ৭৭টি আসন সংরক্ষিত থাকবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।