শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে
ইউক্রেনের ৫ হাজার কিমি দখলের দাবি রাশিয়ার
Printed Edition
আলজাজিরা
রাশিয়া জানিয়েছে, চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে তারা ইউক্রেনের কাছ থেকে প্রায় পাঁচ হাজার বর্গকিলোমিটার অতিরিক্ত এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে। তবে এ দাবির পক্ষে কোনো বিস্তারিত প্রমাণ প্রকাশ করেনি মস্কো। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক সাফল্য তুলে ধরার পাশাপাশি যুক্তরাষ্ট্রের সাথে সম্ভাব্য শান্তি আলোচনায় নিজেদের অবস্থান শক্ত করতে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে কঠোর অবস্থান নিয়েছে রাশিয়া। গত শুক্রবার বছরের শেষ সংবাদ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন জানান, তার বাহিনী পূর্ব দোনেৎস্কের সিভারস্ক এবং উত্তরাঞ্চলের খারকিভ অঞ্চলের ভভচানস্ক শহর দখল করেছে। রাশিয়ার এ দাবি নতুন করে প্রশ্ন তুলেছে, শান্তি আলোচনার প্রেক্ষাপটে ইউক্রেনের ভূখণ্ড নিয়ে মস্কোর অবস্থান কতটা কঠোর এবং এর ফলে আলোচনার ভবিষ্যৎ কোন দিকে যেতে পারে।
পুতিন আরো দাবি করেন, রুশ বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে দোনেৎস্কের লিমান, কস্ত্যন্তিনিভকা এবং দক্ষিণের জাপোরিঝিয়া অঞ্চলের হুলিয়াইপোল শহরের অন্তত অর্ধেক এলাকা। যুদ্ধের সম্মুখভাগ হিসেবে পরিচিত এসব শহর নিয়ে তার দাবির সাথে একমত নন ইউক্রেন পরিস্থিতি পর্যবেক্ষণকারীরা। ওয়াশিংটনভিত্তিক থিঙ্ক ট্যাংক ইনস্টিটিউট ফর দ্য স্টাডি অব ওয়ার জানিয়েছে, স্যাটেলাইট চিত্র এবং উন্মুক্ত উৎসের ভিজ্যুয়াল তথ্য পুতিনের দাবির বিপরীত চিত্র তুলে ধরছে।
সংস্থাটি বলেছে, পুতিন যেসব এলাকায় ব্যাপক অগ্রগতির কথা বলেছেন, তার কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। আইএসডব্লিউর হিসেব অনুযায়ী, হুলিয়াইপোলে রুশ বাহিনীর উপস্থিতি মাত্র ৭ দশমিক ৩ শতাংশ এবং লিমানে দুই দশমিক নয় শতাংশ এলাকায় সীমাবদ্ধ। কস্ত্যন্তিনিভকায় রুশ অগ্রগতিও পাঁচ শতাংশের বেশি নয় বলে দাবি করেছে সংস্থাটি।