পয়লা বৈশাখে নিরাপত্তা

গুরুত্বপূর্ণ স্থানে থাকবে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ও ডগ স্কোয়াড টিম

নাশকতা রোধে থাকবে ৩০৮ টহল টিম সাদা পোশাকে নরজরদারি বৃদ্ধি : ডিজি

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

পয়লা বৈশাখের নিরাপত্তা নিশ্চিত করতে ‘প্রতিবারের ন্যায় এবারো বিশেষ নিরাপত্তা ব্যবস্থা’ গ্রহণের কথা জানিয়েছে র‌্যাব। র‌্যাব মহাপরিচালক মো: আহসান হাবীব পলাশ বলেছেন, ‘আমরা কোনো হুমকি বোধ করছি না।’ তবে নববর্ষে আয়োজিত অনুষ্ঠানে কোনো গোষ্ঠী যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে লক্ষ্যে রথ্যাবের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার ঢাকার রমনা বটমূলে বাংলা নববর্ষ উপলক্ষে র‌্যাবের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন।

র‌্যাব ডিজি বলেন, নববর্ষের ‘সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে’ দেশব্যাপী র‌্যাবের ১৫টি ব্যাটালিয়ন অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় দায়িত্ব পালন করবে। ১৮১টি পিকআপ পেট্রোল টিম, ১২৭টি মোটরসাইকেল পেট্রোল টিমসহ সর্বমোট ৩০৮টি টহল টিম এবং সাদা পোশাকের নরজদারি থাকবে।

তিনি বলেন, বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে ঢাকায় শাহবাগ, টিএসসি, সোহরাওয়ার্দী উদ্যান, রবীন্দ্র সরোবর, হাতিরঝিল, মানিক মিয়া অ্যাভিনিউ, বাংলা একাডেমি এবং রমনা বটমূলসহ যেসব স্থানে বর্ষবরণ অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে, সেসব স্থানে নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব কর্তৃক ‘যথাযথ ব্যবস্থা’ গ্রহণ করা হয়েছে।

আহসান হাবীব পলাশ বলেন, এই লক্ষ্যে চেকপোস্ট, টহল এবং অবজারভেশন পোস্ট স্থাপন করা হয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ স্থানে র‌্যাবের বোম্ব ডিসপোজাল ইউনিট এবং ডগ স্কোয়াড সুইপিং কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সুইপিং পরিচালনার পাশাপাশি বোম্ব ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড যেকোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রাখা হয়েছে।’

দেশব্যাপী নববর্ষ উদযাপনের অনুষ্ঠান চলাকালে সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাবের কন্ট্রোল রুম, ফুট পেট্রল, মোটরসাইকেল পেট্রল, চেকপোস্ট এবং সিসিটিভি মনিটরিং ব্যবস্থা থাকছে। এ ছাড়া যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সার্বক্ষণিক প্রয়োজনীয়সংখ্যক রিজার্ভ ফোর্স রাখা হয়েছে বলেও জানান তিনি।

বিশেষায়িত এই বাহিনীটির প্রধান বলেন, ‘যকোনো ধরনের নাশকতা এবং হামলা মোকাবেলায় র‌্যাব স্পেশাল কমান্ডো ফোর্স প্রস্তুত রাখা হয়েছে। ব্যাটালিয়ানগুলো নিজ নিজ কন্ট্রোল রুমের মাধ্যমে স্থানীয় জনপ্রতিনিধি এবং শৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয় করে দায়িত্ব পালন করছে।

এ ছাড়া র‌্যাব সদর দফতরের কন্ট্রোল রুম থেকে সারা দেশে নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানান তিনি।

তার ভাষ্য, ‘গোয়েন্দা তথ্য, সাইবার মনিটরিংসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নববর্ষকে কেন্দ্র করে নাশকতার ব্যাপারে কোনো সুনির্দিষ্ট তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।

গোয়েন্দা নজরদারি এবং সাইবার মনিটরিংয়ের মাধ্যমে নাশকতাকারীদের যেকোনো নাশকতার পরিকল্পনা নস্যাৎ করে দিতে র‌্যাব প্রস্তুত রয়েছে।’

নববর্ষকে কেন্দ্র করে যেকোনো ধরনের গুজব, উসকানিমূলক তথ্য বা মিথ্যা তথ্য ছড়িয়ে কেউ যেন কোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র‌্যাব সাইবার মনিটরিং টিম সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।

এর বাইরে নববর্ষ উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানে আগত নারীদের ইভটিজিং ও যৌন হয়রানি রোধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা বলেন তিনি।

জনসাধারণকে আহ্বান জানিয়ে আহসান হাবীব পলাশ বলেন, ‘সার্বিক ঝুঁকি রয়েছে এমন কোনো তথ্য পেলে অথবা কোনো ধরনের হেনস্তার শিকার হলে অবশ্যই কর্তব্যরত র‌্যাব বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যকে জানাবেন।

অভিযোগের প্রেক্ষিতে আমরা কঠোর হস্তে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করব।’

এ সময় এক প্রশ্নের জবাবে তিনি ঢাকার শ্যামলীতে আলোচিত কিডনি চিকিৎসক কামরুল ইসলামের হাসপাতালে চাঁদাবাজির মামলায় অভিযুক্ত যুবদল নেতা মঈন উদ্দিনসহ সাতজনকে আটকের তথ্য দেন।

শনিবার কুষ্টিয়ায় এক ‘পীরকে’ মব করে হত্যার বিষয়ে করা প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা খোঁজখবর রাখছি। মামলা হলে অভিযুক্তদের নাম দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। ঘটনার ছায়াতদন্ত চলছে।’

রোববার ঢাকার মোহাম্মদপুরে ‘আধিপত্যের বিরোধে’ কিশোর গ্যাং ‘এলেক্স গ্রুপের’ হোতা ইমন ওরফে এলেক্স ইমনকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনার পর পুলিশ জানিয়েছে, এলেক্স ইমনের বিরুদ্ধে হত্যাসহ ১৮টি মামলা রয়েছে। এত মামলার আসামি কিভাবে বাইরে জানতে চাইলে র‌্যাব মহাপরিচালকের পাল্টা প্রশ্ন, ‘দায় কি সব পুলিশ নিবে বা র‌্যাব নিবে?’

তিনি বলেন, ‘এই প্রশ্নের জবাব আমার কাছে খুঁজলে হবে না। আমি দায় নিবো না।

আমার কাজ হচ্ছে যখন অপরাধ করবে, অপরাধী পেয়ে যাব তখন আমি তার গ্রেফতার করব। যার বিরুদ্ধে ১৮টা মামলা সে কিভাবে বাইরে থাকল সেই প্রশ্ন আপনি তাদের করেন, তাহলে মনে হয় সঠিক জবাব পাবেন। আগে আটক হয়েছে বলেই তো তার বিরুদ্ধে ১৮টা মামলা।’