চাঁপাইনবাবগঞ্জ-২ আসন
এনসিপি প্রার্থীর মনোনয়ন ফরম উত্তোলন
Printed Edition
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসন থেকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘শাপলা কলি’ প্রতীকের মনোনীত সংসদ সদস্য প্রার্থী জেলার সিনিয়র যুগ্ম সদস্য সচিব মু: নাজমুল হুদা খান রুবেল মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। গতকাল শনিবার দুপুর ১২টায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সীর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
এ সময় পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল তার সাথে উপস্থিত ছিলেন। জেলা জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাসুম আলী, জেলা যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সিমুল, আব্দুল রহিম, সায়েম পারভেজ ও হেদায়েতুন নবী। মনোনয়ন ফরম সংগ্রহ শেষে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ২৪ এর গণ-অভ্যুত্থানে ছাত্র-জনতার তৈরি দল জাতীয় নাগরিক পার্টি আমাকে মনোনয়ন দিয়েছে। তাই এবারের নির্বাচনে আমি শাপলা কলি প্রতীক নিয়ে নির্বাচন করব। আশা করি ভোটাররা এবার যোগ্য প্রার্থীকেই জয়ী করে সংসদে পাঠাবেন।