খুঁড়ে রাখা সড়কে ভোগান্তিতে রাজধানীবাসী
Printed Edition
আর মাত্র কয়েক দিন পরই ঈদ। রাজধানীজুড়ে চলছে শেষ মুহূর্তের কেনাকাটা। বেড়েছে মানুষের নানামুখী চলাচল। এ কারণে রাজধানীতে সকাল-বিকেল যানজট লেগেই আছে। এর মধ্যে কয়েকটি এলাকার রাস্তা খোঁড়াখুঁড়ি করে রাখা হয়েছে। এতে পবিত্র রমজানের মধ্যে নগরবাসীকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে।
মুগদার মূল সড়কটি বড় করার কথা বলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সড়কের আশপাশের অনেক বাড়িঘর ও দোকান ভেঙে ফেলেন। পরে গণ-অভ্যুত্থানে মেয়র তাপস পালিয়ে গেলে কিছুদিন কাজ বন্ধ থাকতার পর সম্প্রতি ওই সড়ক উন্নয়নের কাজ আবার শুরু হয়েছে। এজন্য সড়কের মাঝ বরাবর ড্রেন নির্মাণকাজ চলছে। স্থানীয় এলাকাবাসী জানিয়েছেন, প্রায় ছয় মাস ধরে এ সড়কটি খুঁড়ে রাখা হয়েছে। ফলে এ সড়ক দিয়ে দীর্ঘদিন ধরে চলাচল প্রায় বন্ধই ছিল। সম্প্রতি কিছু অংশে মাটি ভরাট করা হলে এবড়ো থেবড়ো সড়ক দিয়েই জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে এলাকাবাসীকে। এলাকার কয়েক লাখ বাসিন্দাকে পবিত্র রমজানের মধ্যে এ সড়কটি দিয়ে চলাচলে চরম দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এ ছাড়া মুগদা ৫০০ শয্যাবিশিষ্ট হাসপাতালের সামনের সড়কটি গত এক বছর ধরেই ভেঙেচুরে একাকার হয়ে গেছে। বৃষ্টি হলেই হাসপাতালের প্রবেশপথেই হাঁটু পানি জমে যায়। এ সড়কটি দিয়ে যাতায়াতে হাসপাতালের রোগী, তাদের স্বজন ও এলাকাবাসীকে প্রতিনিয়ত চরম দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে।
মুগদা এলাকাবাসী কমলাপুর, মতিঝিল আসার জন্য টিটিপাড়া মোড় হয়ে আসা সড়কটি ব্যবহার করেন। কিন্তু গত প্রায় এক বছর ধরেই সড়কটি বন্ধ রয়েছে। নির্মাণকাজ শেষ না হওয়ায় এলাকাবাসীকে খিলগাঁও ফ্লাইওভার অথবা মানিকনগর বিশ্বরোড হয়ে মতিঝিল আসতে হচ্ছে। কিন্তু সম্প্রতি রামকৃষ্ণ মিশন সংলগ্ন সড়কের মাঝখানে বড় গর্ত করে রাখা হয়েছে। ফলে এ সড়ক দিয়েও যানচলাচল বন্ধ রয়েছে। এমনকি সাধারণ পথচারীদের চলাচলেও বেগ পেতে হচ্ছে। রামকৃষ্ণ মিশন রোড থেকে সাদেক হোসেন খোকা অডিটোরিয়াম পর্যন্ত সড়কটিও দীর্ঘদিন ধরে খুঁড়ে ফেলে রাখা হয়েছে। এতে ওই এলাকার বাসিন্দাদের ভোগান্তির মাত্রা অসহনীয় পর্যায়ে গিয়ে পৌঁছেছে। টিটিপাড়ায় নির্মাণকাজের কারণে বিশ্বরোডের অবস্থাও ভয়াবহ। টিটিপাড়া থেকে খিলগাঁওমুখী সড়কটি ভেঙেচুরে একাকার হয়ে গেছে। জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে যাত্রীদের।
খিলগাঁও থেকে মালিবাগ রেলগেট মোড়মুখী সড়কের মাঝখানে টিনের বেড়া দিয়ে নির্মাণকাজ চলছিল অনেকদিন ধরে। সম্প্রতি টিনের বেড়া খুলে দিলেও রাস্তা এখনো আগের মতোই ভাঙা রয়েছে। এ সড়কটি দিয়েও চলাচলে সব ধরনের গাড়িকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে ওই সড়কে। এ ছাড়া বাসাবোর মূল সড়ক, খিলগাঁও এলাকার বিভিন্ন সড়ক, মগবাজার ওয়ারলেস মোড়ের সড়ক, শান্তিনগর মোড়, কাকরাইল, পল্টনসহ প্রতিটি এলাকার সড়কেই অসংখ্য গর্তে ভরা। আর এলাকাভিত্তিক সড়কের অবস্থা সবচেয়ে ভয়াবহ। অনেক সড়ক দিয়ে চলতে গিয়ে রিকশাসহ বিভিন্ন ধরনের যানবাহন দুর্ঘটনার মুখে পড়ছে। সাথে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে ধুলাদূষণের শিকার হচ্ছেন নগরবাসী।