ক্যালিফোর্নিয়ায় বন্যা ও ভূমিধসে মৃত্যু ৩
Printed Edition
দ্যা গার্ডিয়ান
বড়দিনের রাতে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বিভিন্ন এলাকায় টানা ভারী বৃষ্টি ও ঝড়ের কারণে ভয়াবহ বন্যা ও ভূমিধস দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় অন্তত তিনজন প্রাণ হারিয়েছেন। পূর্বাভাস অনুযায়ী ঝড়টি শুক্রবার পর্যন্ত চলতে পারে। লস অ্যাঞ্জেলেস কাউন্টির কিছু এলাকায় প্রায় ১১ ইঞ্চি (২৭ সেন্টিমিটার) বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এর ফলে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে এবং গুরুত্বপূর্ণ সড়কগুলো বন্ধ হয়ে গেছে।
বন্যার পানিতে গাড়ি আটকে পড়াসহ নানা পরিস্থিতিতে জরুরি উদ্ধারকর্মীদের একাধিক উদ্ধার অভিযান চালাতে হয়েছে। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম বুধবার লস অ্যাঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়ার কয়েকটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করেন। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত রাজ্যজুড়ে প্রায় এক লাখ মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন।
যুক্তরাষ্ট্রের ওয়েদার প্রেডিকশন সেন্টার বৃহস্পতিবার সতর্ক করে জানায়, একাধিক আকস্মিক বন্যার ঘটনা ঘটতে পারে। অনেক ছোট নদী ও খাল উপচে পড়তে পারে, যা বড় নদীগুলোকেও প্রভাবিত করতে পারে।