দুর্নীতি ও নৈরাজ্যমুক্ত বাংলাদেশ গড়তে ১১ দলীয় জোটকে ভোট দিন : ডা: তাহের

Printed Edition

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা: সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জামায়াত হত্যা, চাঁদাবাজি ও দুর্নীতির রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতের কোনো সরকারের আমলেই দেশ দুর্নীতিমুক্ত হয়নি। যারা অতীতে ক্ষমতায় থেকে বাংলাদেশকে দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন করেছিল, জনগণ তাদের আর ক্ষমতায় দেখতে চায় না।

বুধবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা: তাহের বলেন, ‘আমরা যদি একটি নিরাপদ ও উন্নত বাংলাদেশ চাই, তবে দুর্নীতি ও নৈরাজ্যের বিরুদ্ধে প্রতিশ্রুতিবদ্ধ ১১ দলীয় জোটকে ভোট দিতে হবে। আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে দেশের মানুষের ভাগ্য নির্ধারিত হবে।’

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসুর জিএস এস এম ফরহাদ বলেন, ফ্যাসিবাদকে আর মাথাচাড়া দিয়ে উঠতে দেয়া হবে না। কোনো বিশেষ দলের লুটপাটের রাজনীতি জনগণ মেনে নেবে না। ১৮ কোটি মানুষের বিজয়ের লক্ষ্যে ‘দাঁড়িপাল্লা’ মার্কায় ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচিত করতে হবে। ভুল প্রার্থী নির্বাচিত করলে জনগণকে তার চরম মাশুল দিতে হবে।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা হাসান মজুমদারের সভাপতিত্বে ও নাজমুল হক মোল্লা বাদলের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মজিবুর রহমান ভুঁইয়া এবং সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত সেক্রেটারি বেলাল হোসাইন, ব্যবসায়ী মহিউদ্দিন আহমেদ ভুঁইয়া নঈম, খেলাফত মজলিসের আমির মাওলানা শাহজালাল এবং ছাত্রশিবিরের কেন্দ্রীয় নেতা আলাউদ্দিন আবিরসহ স্থানীয় নেতৃবৃন্দ। জনসভাটি বিশাল জনসমুদ্রে পরিণত হয় এবং বক্তারা একটি সুষ্ঠু ও নিরাপদ নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কারের আহ্বান জানান।