কারাগারে থেকেও মেয়র নির্বাচনে জয়ী দুতার্তে

রয়টার্স
Printed Edition
inter-3
কারাগারে থেকেও মেয়র নির্বাচনে জয়ী দুতার্তে

মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ আদালতের অধীনে আটক থাকা ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে নিশ্চিতভাবে তার নিজ শহরের মেয়র নির্বাচিত হচ্ছেন। সোমবার অনুষ্ঠিত নির্বাচনে ব্যাপক ব্যবধানে জয় পেতে যাচ্ছেন তিনি। নিজ দেশ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে আরেক দেশের কারাগারে আটক থাকলেও তা তার জয়ে বাধা হয়ে দাঁড়াতে পারেনি।

৮০ শতাংশ ভোট গণনার পর প্রকাশিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, দুতার্তে ফিলিপাইনের দাভাও শহরের মেয়র নির্বাচনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থেকে আট গুণেরও বেশি ভোট পেয়ে নির্বাচিত হচ্ছেন। দুতার্তে ফিলিপাইনের প্রেসিডেন্ট থাকাকালে তার ‘মাদকবিরোধী লড়াই’-এ হাজার হাজার মানুষ নিহত হয়। এ অভিযানে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছে, এমন অভিযোগে গ্রেফতার হয়ে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) হেফাজতে আছেন দুতার্তে।

মার্চে আইসিসির অনুরোধে সাবেক প্রেসিডেন্টকে গ্রেফতার করে ফিলিপিন্স পুলিশ, তারপর থেকে নেদারল্যান্ডসের হেগে কারাবন্দী আছেন তিনি। ফিলিপাইনের মধ্যবর্তী নির্বাচন চলাকালে ৮০ বছর বয়সী দুতার্তের এই দাভাও জয় দেশটির দক্ষিণাঞ্চলীয় শহরে তার প্রবল প্রভাবের সাক্ষ্য। একসময় মেয়র থাকাকালে নগরীটির অপরাধ দমনে সাফল্যের জন্য তার নাম হয়ে গিয়েছিল ‘দুতার্তে হ্যারি’ এবং ‘শাস্তিদাতা’।