সিংড়ায় বিএনপির ৫ নেতাকে বহিষ্কার
Printed Edition
সিংড়া (নাটোর) সংবাদদাতা
দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের অভিযোগে নাটোরে সিংড়ায় বিএনপির চার নেতাসহ নাটোর জেলা জিয়া মঞ্চের আহবায়ক নজরুল ইসলাম ওরফে নিরুকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। বুধবার সন্ধ্যায় নাটোর জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ ও সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত পৃথক চারটি প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এ ছাড়াও জিয়া মঞ্চের আহবায়ক নজরুল ইসলাম ওরফে নিরুকে জিয়া মঞ্চের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বহিষ্কৃত বিএনপির চার নেতা হলেন, সিংড়া পৌর বিএনপির সদস্য বোরহান উদ্দিন বাবু, উপজেলার ৩ নম্বর ইটালী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুনছুর মোল্লা, ৭ নম্বর লালোর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও ১০ নম্বর চৌগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক অ্যাডভোকেট আকরাম হোসেন।
প্রেস বিজ্ঞপ্তি সূত্র জানায়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপ ও দলীয় নির্দেশ অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৩ সিংড়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর বিরুদ্ধে অবস্থান গ্রহণ ও দল থেকে বহিষ্কৃত স্বতন্ত্র প্রার্থী দাউদার মাহমুদের নির্বাচনী প্রচারণায় সরাসরি সম্পৃক্ত থাকার কারণে প্রাথমিক সদস্যসহ সব পদ-পদবি থেকে তাদেরকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।