পিরোজপুর-২ আসনে প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত জোট
Printed Edition
রিয়াদ মাহমুদ সিকদার কাউখালী (পিরোজপুর)
পিরোজপুর-২ সংসদীয় আসন (কাউখালী-ভাণ্ডারিয়া-নেছারাবাদ) বরাবরই নির্বাচনী দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। স্বাধীনতার পর এ আসনে বিএনপি একবার, জাতীয় পার্টি ও জাতীয় পার্টি (জেপি) চারবার, আওয়ামী লীগ একবার এবং মুসলিম লীগ একবার করে বিজয়ী হয়েছে। দীর্ঘ দিন ধরে আসনটি মরহুম আনোয়ার হোসেন মঞ্জুর প্রভাববলয়ে থাকলেও এবারের নির্বাচনী মাঠের চিত্রটা ভিন্ন।
এবার জাতীয় পার্টি (জেপি) প্রার্থী থাকলেও এখনো তাদের দৃশ্যমান কোনো প্রচার-প্রচারণা চোখে পড়েনি। ফলে ভোটের মূল লড়াই গড়ে উঠেছে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর মধ্যে। দুই দলই এই আসনে জয়লাভের ব্যাপারে আশাবাদী এবং মাঠপর্যায়ে জোরালো প্রচারণা চালাচ্ছে।
বিএনপির প্রার্থী সাবেক মন্ত্রী নুরুল ইসলাম মঞ্জুরের ছেলে আলহাজ আহম্মদ সোহেল মঞ্জুর সুমন ধানের শীষ প্রতীক নিয়ে দিন-রাত দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ, উঠান বৈঠক ও সভা-সমাবেশে ব্যস্ত সময় পার করছেন। তিনি তার পিতার মন্ত্রিত্বকালের উন্নয়ন কর্মকাণ্ড ও রাজনৈতিক অবদান তুলে ধরে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন।
অন্য দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী, দলের শীর্ষ নেতা মরহুম দেলাওয়ার হোসাইন সাঈদীর ছেলে শামীম সাঈদী বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করছেন। তিনি পিতার স্মৃতি ও আবেগকে কেন্দ্র করে সমর্থকদের ঐক্যবদ্ধ করতে চেষ্টা চালাচ্ছেন। নির্বাচনের শেষ পর্যায়ে এসে দুই পই ভাসমান ভোটার এবং যেসব দলের প্রার্থী নেই, সেই ভোট নিজেদের অনুকূলে টানতে সক্রিয় হয়ে উঠেছে।
এ আসনের নির্বাচনী পরিবেশের একটি ইতিবাচক দিক হলো- এখন পর্যন্ত কোনো দলীয় সংঘর্ষ বা পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়ির ঘটনা ঘটেনি। উভয়পই শান্তিপূর্ণভাবে গণসংযোগ, সভা-সমাবেশ ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। প্রতিপকে হেয় করে কোনো বক্তব্য না দেয়ায় ভোটারদের মধ্যেও স্বস্তি ল্য করা যাচ্ছে।
দলীয় সূত্রে জানা গেছে, এখানে দল দুইটির মধ্যে অভ্যন্তরীণ গ্রুপিং বা সাংগঠনিক দুর্বলতা নেই। ফলে নতুন ভোটারদের ভোটই শেষ পর্যন্ত ফল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ হাতপাখা প্রতীক নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী মাহামুদ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে পৃথকভাবে সভা-সমাবেশ ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে পিরোজপুর-২ আসনে ভোটের উত্তাপ দিন দিন বাড়ছে। শেষ মুহূর্তে কার ভাগ্যে উঠবে জয়ের মালা তা নিয়ে অপোয় রয়েছেন ভোটাররা।