কাশ্মির সংহতি দিবস পালন
জম্মু-কাশ্মির সঙ্কট সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় টেকসই শান্তি সম্ভব নয়
Printed Edition
নিজস্ব প্রতিবেদক
কাশ্মির সংহতি দিবস উপলক্ষে ঢাকায় পাকিস্তান হাইকমিশনে এক আলোচনা ও সংহতি কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রবাসী পাকিস্তানি কমিউনিটির সদস্য, বাংলাদেশী শিক্ষার্থী, মানবাধিকারকর্মী, আইনজীবী, সাংবাদিক ও শিক্ষাবিদরা অংশ নেন। অনুষ্ঠানে পাঠানো বার্তায় পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, জম্মু ও কাশ্মির ইস্যু পাকিস্তান-ভারত সম্পর্কের মূল বিরোধ। তারা অভিযোগ করেন, ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও দমন-পীড়ন চলছে এবং ২০১৯ সালের ৫ আগস্ট নেয়া একতরফা পদক্ষেপের মাধ্যমে অঞ্চলটির আইনি শূরা ও স্থানীয় প্রতিষ্ঠানগুলো দুর্বল করা হয়েছে।
কাশ্মিরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পাকিস্তান তাদের নৈতিক, রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থন অব্যাহত রাখবে বলেও বার্তায় উল্লেখ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় শিক্ষার্থী, মানবাধিকারকর্মী ও আইনজীবীরাও বক্তব্য রাখেন। তারা বলেন, গত বছরের মে মাসে সীমান্তে উত্তেজনা বৃদ্ধির ঘটনা প্রমাণ করে যে, কাশ্মির সঙ্কটের সমাধান ছাড়া দক্ষিণ এশিয়ায় স্থায়ী শান্তি সম্ভব নয়। বক্তারা জাতিসঙ্ঘের তত্ত্বাবধানে অবাধ ও নিরপেক্ষ গণভোটের মাধ্যমে কাশ্মির সমস্যার সমাধানের আহ্বান জানান।
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান। এ উপলক্ষে ভারতীয় নিয়ন্ত্রিত কাশ্মিরে মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন আলোকচিত্র নিয়ে একটি প্রদর্শনীরও আয়োজন করা হয়।