আপনি কি কখনো ভেবে দেখেছেন, কেন বাংলাদেশের বেশির ভাগ মামলাকারী আদালতে শপথ না করে শুধু একটি হলফনামা (অ্যাফিডেভিট) করতে পারেন? হাইকোর্ট বিভাগে অথবা এমনকি জেলা আদালতের সামনে আবেদন করার সময়, একজন হিন্দু বা মুসলিমকে তার আবেদনের সমর্থনে একটি অধর্মীয় হলফনামা দিতে বলা হবে। তাকে তার পবিত্র গ্রন্থ বা পবিত্র বস্তুর ওপর শপথ করার সুযোগ থেকে বঞ্চিত করা হবে। হিন্দু ও মুসলিমরা (জনসংখ্যার প্রায় ৯৯%) শপথ নেয়ার অযোগ্য কারণ বাংলাদেশের আইন তাদের উভয়কে অবিশ্বাসী হিসাবে গণ্য করে যে শপথ নেয়ার জন্য অযোগ্য। শপথ আইন, ১৮৭৩ এর অধীনে, হিন্দু ও মুসলিম মামলাকারীরা তাদের ধর্মের কারণে শপথ নিতে অক্ষম। বিধিনিষেধটি ঔপনিবেশিক আমলে ইংরেজ আইন কর্তৃপক্ষের কাছ থেকে উদ্ভূত হয়; যারা অ-খ্রিষ্টানদের শপথগ্রহণে অক্ষম হিসাবে বিবেচনা করে। এ কর্তৃপক্ষের মধ্যে সবচেয়ে প্রভাবশালী হলেন লর্ড কোক, যিনি শপথকে একজন খ্রিষ্টানের কাজ হিসাবে সংজ্ঞায়িত করেন এবং দেখেন যে একজন নন-খ্রিষ্টানকে (যাকে লর্ড কোক একজন অবিশ্বাসী হিসাবে ব্যবহার করেন) শপথ গ্রহণের অনুমতি দেয়া হয় না। লর্ড কোকের মতে, শপথ করার ক্ষমতা একজনের বিশ্বাস এবং খ্রিষ্টানের ঈশ্বরের ভয় থেকে উদ্ভূত হয়।

তবে, লর্ড কোকের দৃষ্টিভঙ্গি অনেক বিচারক প্রত্যাখ্যান করেছিলেন। ওমিচাঁদ বনাম বারকার মামলায় (১৭৪৪) একজন ইংরেজ আদালতে বলেছিলেন যে, শপথ গ্রহণ খ্রিষ্টান বিশ্বাসের জন্য একচেটিয়া নয়। আদালত পর্যবেক্ষণ করেন যে, ‘বিভিন্ন আইন ও সংবিধান অনুযায়ী দেশে শপথের ধরন পরিবর্তিত হয় তবে বস্তুটি সব ক্ষেত্রে একই।’ এ ক্ষেত্রে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির একজন কর্মচারী বার্কার পণ্য বিক্রির জন্য ওমিচাঁদ নামে এক ভারতীয়ের সাথে চুক্তি করেছিলেন। তবে, বার্কার ওমিচাঁদকে তার লাভের অংশ প্রদান করতে অস্বীকার করেন। বার্কার মারা গেলে, ওমিচাঁদ ইংরেজ আদালতে ঋণের জন্য বার্কারের ছেলের বিরুদ্ধে মামলা করেন। কমিশনাররা ভারতে গিয়েছিলেন প্রমাণ নিতে। কমিশনাররা অনেক হিন্দু সাক্ষীর কাছ থেকে প্রমাণ নিয়েছিলেন। সাক্ষীরা দোভাষীর মাধ্যমে তাদের শপথ নেন, তার পর তারা হিন্দু পুরোহিতের পা স্পর্শ করেন। অন্য একজন পুরোহিত প্রথম পুরোহিতের হাত স্পর্শ করে শপথের পুনরাবৃত্তি করলেন। সেই সময়ে কলকাতার আদালতে হিন্দু সাক্ষীদের শপথ নেয়ার এটা ছিল প্রথাগত এবং সবচেয়ে গৌরবময় উপায়। আদালত হিন্দু সাক্ষীদের তাদের ধর্মীয় বিশ্বাস অনুসারে শপথের ভিত্তিতে দেয়া সাক্ষ্য গ্রহণ করেছিল।

প্রারম্ভিক ব্রিটিশ ভারতেও (১৮৪০ সালের আগে), কলকাতার মেয়র আদালত সাক্ষীর ধর্ম অনুসারে শপথ গ্রহণ করেছিলেন। ওমিচাঁদের সিদ্ধান্তের ভিত্তিতে, ভারতে মুসলিম ও হিন্দুদের দ্বারা তাদের ধর্মীয় বা স্থানীয় রীতিনীতি অনুসারে শপথ গ্রহণযোগ্য ছিল। আর ১৮৪০ সালের আগে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকারের প্রবিধানে মুসলিমদের কুরআন ও হিন্দুদের গঙ্গার জলে শপথ নেয়ার প্রয়োজন ছিল। এ কাজগুলো কেবল শপথের গাম্ভীর্যের অনুভূতি দেয়নি, শপথ গ্রহণকারীও মনে করেন যে, যদি তিনি তার শপথ ভঙ্গ করেন তবে এ ধরনের কাজ পরম সত্তা থেকে শাস্তির কারণ হবে। যা হোক, ওমিচাঁদের সিদ্ধান্ত সত্ত্বেও, ১৮৪০ সালের শপথ আইনে হিন্দু ও মুসলিমদের জন্য এ ধরনের ধর্মভিত্তিক শপথ বাতিল করে। হিন্দু ও মুসলিমদের আর তাদের ধর্মীয় বই বা বস্তুর ওপর শপথ নেয়ার অনুমতি ছিল না। তাদের হলফনামার মাধ্যমে প্রমাণ দিতে হয়েছে, যাতে কোনো ধর্মীয় উপাদান ছিল না। শপথ আইন, ১৮৪০ এর অধীনে এ অবস্থান শপথ আইন, ১৮৭৩ এর অধীনেও বজায় রাখা হয়। শপথ আইন ১৮৭৩ এখনো বৈধ এবং বাংলাদেশে প্রযোজ্য।

ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক আদালতগুলো খুব শিগগির লক্ষ্য করেন যে, ১৮৪০ ও ১৮৭৩ সালের শপথ আইনের অধীনে মুসলিম ও হিন্দুদের দ্বারা ধর্মভিত্তিক শপথ গ্রহণের অস্বীকৃতি সমস্যার সৃষ্টি করছে। রানী সম্রাজ্ঞী বনাম মারুর মামলায় (১৮৮৮) এলাহাবাদ হাইকোর্ট পর্যবেক্ষণ করেন যে, নতুন আইনটি ভারতের ন্যায়বিচার প্রশাসনের ওপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। কারণ হিন্দু ও মুসলিম সাক্ষীদের সাক্ষ্য থেকে সত্য খুঁজে বের করা আদালতের পক্ষে কঠিন হয়ে উঠছে। প্রকৃতপক্ষে, আইন সংশোধনের পর, হিন্দু ও মুসলিম সাক্ষীরা আর সত্য কথা বলার ক্ষেত্রে ধর্মীয় বাধ্যবাধকতা অনুভব করেননি। মুসলিম ও হিন্দু সাক্ষীদের মধ্যে আর ভয় ছিল না যে, সত্য কথা বলতে ব্যর্থ হলে আল্লাহ বা সৃষ্টিকর্তার পক্ষ থেকে শাস্তি পেতে হবে।

ব্রিটিশদের দ্বারা শপথ আইন, ১৮৪০ এবং পরবর্তীতে শপথ আইন, ১৮৭৩ প্রবর্তনের কারণ ছিল রাজনৈতিক। ব্রিটিশরা ঔপনিবেশিক ভারতে বিচারপ্রশাসনে আগ্রহী ছিল না। ব্রিটিশরা কুরআন বা গঙ্গার জলের সাথে শপথ করে বাইবেলের শপথের মতো একই মর্যাদা দিতে চায়নি। ব্রিটিশদের মতে, ভারতের আদিবাসীদের ধর্ম ও ধর্মীয় আচারগুলো ঔপনিবেশিক প্রভুদের ধর্মের মতো সমমর্যাদা দেয়া উচিত নয়। যদি একজন খ্রিষ্টান হন তবে তিনি তার পবিত্র গ্রন্থ অর্থাৎ বাইবেলে শপথ গ্রহণের যোগ্য হবেন। এভাবে, হিন্দু ও মুসলিমদের তাদের পবিত্র গ্রন্থ ও বস্তুর ওপর গম্ভীর শপথ করতে বাধা দেয়া হয়েছিল। ব্রিটিশ ভারতে এ অবস্থান ছিল, যদিও ইংল্যান্ডের আদালতগুলো হিন্দু ও মুসলিমদের স্থানীয় রীতি অনুযায়ী শপথ করা এবং খ্রিষ্টানদের শপথের মতো মর্যাদা দেয়ার ওপর নির্ভর করতে পেরে সন্তুষ্ট ছিল। তবু ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক আদালতগুলোতে ব্রিটিশ শাসকদের ধর্ম এবং ভারতীয় প্রজাদের ধর্মের মধ্যে একটি শ্রেণিবিন্যাস বজায় রাখা হয়েছিল। এটা এ কারণে যে, তাদের দেখাতে হবে ভারতীয় প্রজাদের ধর্মের চেয়ে ঔপনিবেশিক প্রভুদের ধর্ম ভালো ছিল। এতে আইন দ্বারা দৃঢ়ভাবে বলা হয় যে, খ্রিষ্টানদের পবিত্র গ্রন্থটি ভারতীয়দের পবিত্র গ্রন্থ ও বস্তুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। ১৮৪০ এবং ১৮৭৩ সালের শপথ আইন ছিল ঔপনিবেশিক প্রভুদের দ্বারা ভারতের জনগণকে পরাধীন করার আরেকটি উপায়।

আমি আগেই লিখেছি, বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সামনে বিচার চলাকালীন শপথ আইন, ১৮৭৩ এর প্রভাবগুলো বেশ তীব্রভাবে অনুভূত হয়েছিল। সাক্ষীরা সাক্ষী-বাক্সে মিথ্যা অভিযোগ করতেন, যা প্রায়ই জেরা করার পরে মিথ্যা বলে প্রমাণ হয়। সত্য কথা বলার কোনো ধর্মীয় বাধ্যবাধকতা তারা অনুভব করতেন না। মোমেনা বেগমের সাক্ষ্যের ভিত্তিতে মৃত্যুদণ্ড কার্যকর করা আবদুল কাদের মোল্লার ক্ষেত্রে এমনটি ঘটেছে। আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে প্রসিকিউশনের ৩ নং সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন মোমেনা বেগম। তিনি ট্রাইব্যুনালের সামনে প্রথমবারের মতো দাবি করেন যে, আবদুল কাদের মোল্লা তার পরিবারকে হত্যার জন্য দায়ী। তবে, হত্যার আগে তার সব বিবরণে তিনি কখনো আবদুল কাদের মোল্লার কথা উল্লেখ করেননি। তিনি ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে দেয়া জবানবন্দীতে বা মিরপুর জল্লাদখানা জাদুঘরে দেয়া বর্ণনায় মোল্লার নাম বলেননি।

ট্রাইব্যুনালের সামনে সাক্ষ্য দেয়ার দিনগুলোতে এ সাক্ষীর আচরণ ইঙ্গিত দেয় যে, তিনি মোল্লার বিরুদ্ধে সাক্ষ্য দিতে ভয় ও চাপের মধ্যে ছিলেন। তিনি একজন আত্মবিশ্বাসী সাক্ষী ছিলেন না। তিনি ক্রমাগত তার ওড়না ব্যবহার করে তার মুখ লুকানোর চেষ্টা করছিলেন। যদি এ সাক্ষীকে কুরআনের ওপর শপথ করার পর প্রমাণ দিতে বাধ্য করা হতো, তা হলে সম্ভবত তিনি মিথ্যা সাক্ষ্য দিতেন না। খোদায়ী শাস্তির ভয়ে মিথ্যা সাক্ষ্য দেয়া থেকে বিরত থাকতেন।

ভারত ১৯৬৯ সালে শপথ আইন দিয়ে ১৮৭৩ সালের শপথ আইন বাতিল করে। কিন্তু স্বাধীন বাংলাদেশে এ দেশের জনগণকে বশীভূত করতে তৈরি করা ঔপনিবেশিক যুগের আইনটি এখনো বহাল থাকায় তা বিচারপ্রশাসনে নেতিবাচক ভূমিকা পালন করে চলেছে।

লেখক : বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এবং হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতের নিবন্ধিত কৌঁসুলি