সৌদি আরবে আজ মঙ্গলবার (২৭ মে) জিলকদের ২৯তম দিন। এদিন সন্ধ্যায় দেশটির আকাশে জিলহজ মাসের নতুন চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। সাবাক নিউজ জানিয়েছে, এরই মধ্যে সৌদির সুপ্রিম কোর্ট চাঁদ দেখার বিষয়ে বিশেষ নির্দেশনা জারি করেছে।
সুপ্রিম কোর্ট জানিয়েছে, ‘উম্মুল কুরা ক্যালেন্ডার অনুযায়ী গত ২৯ এপ্রিল জিলকদ মাসের ১ তারিখ ছিল। এই হিসাবে আজ মঙ্গলবার (২৭ মে) জিলকদের ২৯ তারিখ।’
সুপ্রিম কোর্ট আরো জানায়, ‘এজন্য সুপ্রিম কোর্ট সৌদি আরবের সকল মুসলমানকে আজ সন্ধ্যায় জিলহজের চাঁদ দেখার জন্য প্রচেষ্টা করার অনুরোধ জানাচ্ছে।’
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের প্রধান ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত আওদা বলেছেন, আজ মধ্য ও পশ্চিম এশিয়া, আফ্রিকার বেশিরভাগ অঞ্চল এবং ইউরোপে দূরবীনের সাহায্যে চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে।
তিনি আরো বলেন, এবং উত্তর ও দক্ষিণ আমেরিকার কিছু এলাকায় খালি চোখেই নতুন চাঁদ দেখা যেতে পারে।
ইঞ্জিনিয়ার মুহাম্মদ শওকত দাবি করেছেন, এটা প্রায় নিশ্চিত যে, আগামীকাল বুধবার (২৮ মে) সৌদি আরবে জিলহজের প্রথম দিন হতে যাচ্ছে এবং আগামী শুক্রবার (৬ জুন) পবিত্র ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।