ইয়েমেনের রাজধানী সানায় মার্কিন সামরিক হামলায় কমপক্ষে আটজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে হাউছি-পরিচালিত সংবাদমাধ্যম। এদিকে মার্চের মাঝামাঝি থেকে ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় নিহতের সংখ্যা ২২০ জনেরও বেশি।
সোমবার (২৮ এপ্রিল) ভোরে আল মাসিরাহ টিভি স্যাটেলাইট নিউজ চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানার উত্তরে বানি আল-হারিত জেলায় মার্কিন হামলায় আটজন নিহত হয়েছেন।
আল জাজিরার প্রতিবেদন থেকে জানা গেছে, হাউছি কর্মকর্তারা বলেছেন, রোববার রাতে ইয়েমেনের আমরান ও সাদায় মার্কিন হামলা চালানো হয়েছে এবং সানায় আগের হামলায় দু’জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বনি আল-হারিসের থাকবান এলাকা লক্ষ্য করে চালানো হামলার পর হাউছি-পরিচালিত চ্যানেলটি জানায়, ‘নারী ও শিশুসহ আটজন নিহত হয়েছেন।’
রোববার মার্কিন বাহিনী জানিয়েছে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত তারা ইয়েমেনে ৮০০টিরও বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এতে কয়েক শত বিদ্রোহী যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের।
মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানায়, ‘এই হামলায় শত শত হাউছি যোদ্ধা ও অসংখ্য হাউছি নেতা নিহত হয়েছেন।’
সেন্টকম আরো জানায়, ইয়েমেনে তাদের হামলা অব্যাহত থাকবে এবং মার্কিন হামলার বিস্তারিত জনসাধারণের কাছে প্রকাশ করা হবে না।