ইরানের বৃহত্তম বাণিজ্যিক বন্দর ’বন্দর আব্বাসে’ ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে ৭০ জন নিহত এবং এক হাজার জনেরও বেশি আহত হয়েছেন। ঘটনার দুই দিন পর আগুন নেভানো হয়েছে যদিও বিস্ফোরণের কারণ নিয়ে এখনো প্রশ্ন রয়েই গেছে।

ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের সূত্রে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা সোমবার (২৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

গতকাল সোমবার ঘটনাস্থল পরিদর্শনকালে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এখন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১২০ জন।

শনিবার ইরানের দক্ষিণে কৌশলগত হরমুজ প্রণালির কাছে শহীদ রাজাই বন্দরে বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এ প্রণালির মধ্য দিয়েই বৈশ্বিক তেল সরবরাহের এক-পঞ্চমাংশ পরিবাহিত হয়।

আগুন নেভানোর আগে ইরানের রাষ্ট্রীয় টিভিতে দেখা গেছে, অগ্নিনির্বাপক কর্মীদের আগুন নেভানোর চেষ্টা করছেন। সে সময় টিভিতে বলা হয়েছিল, আগুন সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে আসার পরে ক্ষয়ক্ষতি নিরূপণ করা হবে।

বিস্ফোরণের কারণ তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়, তবে বন্দরের কাস্টমস অফিস জানিয়েছে, বিপজ্জনক রাসায়নিক পদার্থ সংরক্ষণের একটি ডিপোতে আগুন লাগার ফলে এটি হতে পারে।

এদিকে মোমেনি সোমবার বলেন, ‘অপরাধীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের তলব করা হয়েছে। বিস্ফোরণটি নিরাপত্তা সতর্কতা না মানা এবং অবহেলাসহ ত্রুটিগুলোর কারণে ঘটেছে।’

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন।

বিশেষজ্ঞ মহলে নানা জল্পনা চলছে। তবে ইরান সরকার ক্ষেপণাস্ত্র জ্বালানিসংক্রান্ত চালান থেকে বিস্ফোরণ ঘটেছে এমন প্রতিবেদন অস্বীকার করেছে।