গাজার দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে ত্রাণ বিতরণ কেন্দ্রের কাছে গুলিবিদ্ধ হয়ে বহু মানুষ আহত হওয়ার ঘটনায় দায় অস্বীকার করেছে ইসরাইলি সেনাবাহিনী।

জেরুজালেম থেকে এএফপি জানায়, ইসরাইলি সামরিক মুখপাত্র কর্নেল অলিভিয়ে রাফোভিচ বুধবার বলেন, ‘আমরা জাতিসঙ্ঘের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করছি। এই মুহূর্তে আমাদের কাছে এমন কোনো তথ্য নেই যা বলবে আমাদের সেনারা গুলি চালিয়েছে।’

তিনি আরো বলেন, ‘ঘটনাস্থলে সেনারা শুধু সতর্কতামূলক গুলি ছুড়েছে এবং তা বিতরণ কেন্দ্রের বাইরের এলাকায়। কোনোভাবেই জনতার দিকে গুলি চালানো হয়নি।’

রাফোভিচ আরো অভিযোগ করেন, ‘হামাস মানবিক সহায়তা বাধাগ্রস্ত করতে সবকিছু করছে।’

জাতিসঙ্ঘের মানবাধিকারবিষয়ক দফতরের ফিলিস্তিনি অঞ্চলের প্রধান অজিত সাংঘাই জানান, মঙ্গলবার রাফাহ শহরে নতুন এক ত্রাণ বিতরণ কেন্দ্রের দিকে হাজার হাজার মানুষ ছুটে গেলে সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে অন্তত ৪৭ জন আহত হন।

তিনি বলেন, ‘আহতদের বেশিরভাগ গুলিবিদ্ধ এবং গুলি এসেছে ইসরাইলি সেনাবাহিনীর দিক থেকে।’

এএফপির ঘটনাস্থলে থাকা সাংবাদিকরা জানান, বিতরণ কেন্দ্রটি পরিচালনা করছিল ‘গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন’ (জিএইচএফ) যা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সহায়তায় গঠিত এবং জাতিসঙ্ঘকে পাশ কাটিয়ে গাজায় সরাসরি ত্রাণ সরবরাহ করে।

তবে জাতিসঙ্ঘ ও আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থা আগেই জানিয়ে দিয়েছে, তারা এই ফাউন্ডেশনের সাথে কোনো ধরনের সহযোগিতা করবে না।

সাংঘাই বলেন, ‘আমরা এই ব্যবস্থার ব্যাপারে বহুবার উদ্বেগ জানিয়েছি। গতকালের ঘটনাই প্রমাণ করে এই প্রক্রিয়ার কতটা ঝুঁকিপূর্ণ ও অব্যবস্থাপনায় ভরা।’

সূত্র : এএফপি/বাসস