মিয়ানমারে শুক্রবার (২৮ মার্চ) দুপুরের দিকে ৭.৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল দেশটির উত্তর-পশ্চিমের শহর সাগাইং থেকে ১৬ কিলোমিটার দূরে এবং এটি রাজধানী নেপিডো থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তরে। এর কম্পন থাইল্যান্ডেও অনুভূত হয়েছে। সেখানকার একটি বহুতল ভবন ধসে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছেন।

নেপিডো থেকে ফরাসি বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে সেখানে বিভিন্ন রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক ভবনের ছাদ থেকে আস্তরণ খসে পড়েছে।

ভূমিকম্প এতই শক্তিশালী ছিল যে চীন ও থাইল্যান্ড থেকেও কম্পন অনুভূত হয়েছে।

প্রতিবেশী দেশ মিয়ানমারে ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর কয়েক সেকেন্ডের মধ্যেই থাইল্যান্ডে রাজধানী ব্যাংককের উত্তরে অবস্থিত একটি বহুতল ভবন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে বলে জানিয়েছে এএফপি। সরকারি অফিসের জন্য নির্মাণাধীন ৩০ তলা বিশিষ্ট ওই বহুতল ভবনটি ধসে ৪৩ জন শ্রমিক আটকা পড়েছে বলে স্থানীয় পুলিশ ও চিকিৎসকরা জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিভিন্ন ভবন থেকে লোকজন বের হয়ে এসে রাস্তায় জড়ো হচ্ছে। এছাড়াও একটি ভবনের ছাদের সুইমিং পুল থেকে পানি বাইরে নিচের দিকে ছিটকে পড়তে দেখা গেছে।

ভূমিকম্পটি আঘাত হানার পর থাই কর্তৃপক্ষ ব্যাংককে জরুরি অবস্থা ঘোষণা করেছে।

সূত্র : বিবিসি ও এএফপি