দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার মেডেলিন শহরের কাছে সম্প্রতি ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে। এখনো আটজন নিখোঁজদের অনুসন্ধান অব্যাহত রয়েছে। দেশটির কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৬ জুন) এ তথ্য জানিয়েছে।
বোগোটা থেকে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, গত মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের ফলে কাছাকাছি একটি নদীর পানি উপচে পড়ার কারণে, কলম্বিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বেলোর কাছে একটি পাহাড়ি এলাকায় ভূমিধসের ঘটনা ঘটে।
অ্যান্টিওকিয়া বিভাগের গভর্নর আন্দ্রেস জুলিয়ান রেন্ডন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, নিহতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে এবং আটজন এখনো নিখোঁজ রয়েছে।
বেলোর মেয়র লোরেনা গঞ্জালেজ বলেন, দুর্যোগ এলাকার পরিস্থিতি এখনো বিপজ্জনক এবং উদ্ধারকর্মীরা ‘বড় ঝুঁকি’ নিয়ে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
পশ্চিম কলম্বিয়ার আন্দিজ পর্বতমালায় অবস্থিত অ্যান্টিওকিয়া প্রদেশটি বর্ষাকালে প্রায়শই ভূমিধসের শিকার হয়। গত মাসে মেডেলিনের আরেকটি উপশহর সাবানেতায় ভূমিধসে কমপক্ষে পাঁচজন নিহত হয়।
সূত্র : বাসস