ইকুয়েডরের একটি আদালত সোমবার দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট জর্জ গ্লাসকে দুর্নীতির দায়ে ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে।
গত বছর মেক্সিকান দূতাবাসে এক নাটকীয় অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়। মেক্সিকান দূতাবাসে তাকে রাজনৈতিক আশ্রয় দেয়া হয়েছিল।
কুইটো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
৫৫ বছর বয়সী গ্লাস ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সাবেক সমাজতান্ত্রিক নেতা রাফায়েল কোরিয়ার অধীনে দক্ষিণ আমেরিকার দেশটির ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি কোরেয়ার উত্তরসূরি লেনিন মোরেনোর অধীনেও সংক্ষিপ্ত সময়ের জন্য ভাইস-প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
২০১৭ সালের পর সর্বশেষ এই সিদ্ধান্ত তাকে চতুর্থবারের মতো দোষী সাব্যস্ত করেছে।
তিনি এখনো দুটি পূর্ববর্তী দুর্নীতির মামলায় তার আট বছরের কারাদণ্ড সম্পূর্ণ করেননি, যার মধ্যে একটি ব্রাজিলিয়ান নির্মাণকারী বৃহৎ প্রতিষ্ঠান ওডেব্রেখট থেকে লাখ লাখ ডলার ঘুষ নেয়ার সাথে সম্পর্কিত।
তার সাবেক বস কোরেয়াকে তার অনুপস্থিতিতে ঘুষ নেয়ার অভিযোগে আট বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল। তিনি বেলজিয়ামে নিজের ইচ্ছায় নির্বাসনে বসবাস করছেন। উভয় ব্যক্তিই তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন।
গ্লাসের বিরুদ্ধে সর্বশেষ মামলাটি ২০১৬ সালে ইকুয়েডরের উপকূলীয় প্রদেশ মানাবি ও এসমেরালডাসে এক ভয়াবহ ভূমিকম্পের পর পরিচালিত পুনর্গঠন কাজের সাথে সম্পর্কিত।
ওই ঘটনায় প্রায় ৭০০ জন মারা গিয়েছিল।
২০১৬ সালে ইকুয়েডরের উপকূলীয় প্রদেশ মানাবি ও এসমেরালডাসে এক ভয়াবহ ভূমিকম্প হয়। যেখানে প্রায় ৭০০ জন মারা গিয়েছিল।
পুনর্নির্মাণ কাজের জন্য সংগৃহীত তহবিলের অপব্যবহারের ঘটনাটি ঘিরে মামলাটি হয়েছিল তার বিরুদ্ধে। তার বিরুদ্ধে তহবিল তছরুপেরও অভিযোগ আনা হয়।
সূত্র : এএফপি