মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তাদের বহুল প্রত্যাশিত ফোনালাপের আগেই ইউক্রেনে শান্তি চুক্তির ‘অনেক বিষয়’ নিয়ে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি একমত হয়েছেন। মঙ্গলবার (১৮ মার্চ) এই দুই নেতার বহুল প্রত্যাশিত ফোনালাপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় জানান, মঙ্গলবার সকালে পুতিনের সাথে তিনি কথা বলবেন।
তিনি বলেন, যদিও চুক্তি হয়েছে, তবে এখনো অনেক কাজ বাকি।
ট্রাম্প আরো বলেন, ‘প্রতি সপ্তাহে উভয়পক্ষেরই ২৫০০ সৈন্যের মৃত্যু হয় এবং এটি এখনই শেষ হওয়া উচিত। আমি প্রেসিডেন্ট পুতিনের সাথে ফোনালাপের জন্য খুব অধীর আগ্রহে অপেক্ষা করছি।’
এর আগে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, ‘আমরা একটি শান্তি চুক্তি, যুদ্ধবিরতি ও শান্তি প্রতিষ্ঠা করতে চেষ্টা করছি এবং আমি মনে করি আমরা তা করতে সক্ষম হব।’
ফ্রান্স ও যুক্তরাজ্য শান্তিচুক্তিতে পুতিনের আগ্রহের বিষয়ে তাকে প্রমাণ দেয়ার আহ্বান জানিয়েছে।
ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ যুদ্ধবিরতি প্রস্তাবে সম্মত হওয়ার জন্য জেলেনস্কির সাহসের প্রশংসা করেছেন এবং রাশিয়াকে একই কাজ করার জন্য চ্যালেঞ্জ জানিয়েছেন।
ম্যাক্রোঁ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক বার্তায় বলেন, ‘অনেক মৃত্যু হয়েছে। অনেক জীবন ধ্বংস হয়েছে। অনেক ধ্বংসযজ্ঞ হয়েছে। বন্দুকের শব্দ এবার থামাতে হবে।’
যুক্তরাজ্যের আইনপ্রণেতাদের সামনে দেশটির প্রতিরক্ষামন্ত্রী ডেভিড ল্যামি বলেছেন, পুতিনের এখনই পূর্ণ ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হওয়া উচিত। পুতিন শান্তি চুক্তির ব্যাপারে রাজি এমন কোনো লক্ষণ তিনি দেখতে পাচ্ছেন না।
তবে ট্রাম্প-পুতিনের ফোনালাপের আগমুহূর্তে হোয়াইট হাউস উৎসাহব্যঞ্জক বার্তা দিয়ে বলেছে, ইউক্রেনে শিগগিরই একটি শান্তি চুক্তি হবে। এ নিয়ে সোমবার হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট সাংবাদিকদের সাংবাদিকদের বলেন, ট্রাম্প শান্তি চুক্তি নিশ্চিত করতে ‘দৃঢ় প্রতিজ্ঞ।’
সূত্র : বিবিসি