ইউক্রেনে মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে ‘ভালো ও ফলপ্রসূ’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সন্ধ্যায় মস্কোতে পুতিন ও মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফের বৈঠকের পর ট্রাম্প এ কথা বলেছেন। বৈঠকের পর ক্রেমলিন বলেছে, শান্তি প্রক্রিয়ার বিষয়ে উভয়পক্ষই ‘সতর্ক আশাবাদ’ ব্যক্ত করেছে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বলেন, ‘আলোচনাটি ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসানের একটি খুব ভালো সুযোগ এনে দিয়েছে।’
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি পুতিনের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যেতে আলোচনা টেনে আনার চেষ্টা করার অভিযোগ করেন। অপরদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার বলেন, রাশিয়ান প্রেসিডেন্টকে যুদ্ধবিরতি প্রস্তাব নিয়ে ‘খেলা খেলতে’ দেয়া যাবে না।
এই সপ্তাহের শুরুতে ইউক্রেন মার্কিন প্রস্তাবিত যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। তবে রাশিয়া এখনো রাজি হয়নি।
বৃহস্পতিবার পুতিন বলেন, ‘যুদ্ধবিরতির ধারণা সঠিক এবং আমরা এটিকে সমর্থন করি। তবে এর কিছু জটিলতাও রয়েছে।’ তিনি শান্তির জন্য বেশ কয়েকটি কঠিন শর্তারোপ করেন। জেলেনস্কি তার এই প্রতিক্রিয়াকে ‘কারচুপি’ বলে অভিহিত করেন।
শুক্রবার ইউক্রেনের নেতা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একাধিক পোস্টে তার সমালোচনা অব্যাহত রেখে বলেন, ‘পুতিন এই যুদ্ধ থেকে বেরিয়ে আসতে পারবেন না কারণ এতে তিনি সব হারাবেন। এ কারণেই তিনি এখন যুদ্ধবিরতির আগে থেকেই অত্যন্ত কঠিন ও অগ্রহণযোগ্য পরিস্থিতি তৈরি করে কূটনীতিকে ধ্বংস করার জন্য যথাসাধ্য চেষ্টা করছেন।’
রাশিয়া তিন বছর আগে ইউক্রেনে পূর্ণ মাত্রায় আক্রমণ শুরু করে। বর্তমানে দেশটি ইউক্রেনের প্রায় এক-পঞ্চমাংশ ভূখণ্ডের অধিকারী। এর মধ্যে ক্রিমিয়াও রয়েছে, যা তারা ২০১৪ সালে নিজেদের সাথে সংযুক্ত করে।
সূত্র : বিবিসি