মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের নেতৃত্ব দেয়ার জন্য একজন আঞ্চলিক বিমান সংস্থার প্রধানের নাম ঘোষণা করেছেন। গত জানুয়ারিতে এক ভয়াবহ দুর্ঘটনার পর নিরাপত্তা প্রশ্নে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন যখন বিপর্যস্ত তখন এ নিয়োগ দেয়া হলো।
ট্রাম্প রিপাবলিক এয়ারওয়েজের প্রধান নির্বাহী ব্রায়ান বেডফোর্ডকে মার্কিন বিমান পরিবহন সংস্থা পরিচালনাকারী এবং বোয়িংয়ের নিরাপত্তা কার্যক্রম তদারকিকারী সংস্থার নেতৃত্ব দেয়ার জন্য নিয়োগ করেছেন। এই পদের জন্য সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।
ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক বার্তায় বেডফোর্ডের তিন দশকেরও বেশি বিমান চলাচলের অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, ‘বেডফোর্ড সংস্থাটিকে দৃঢ়ভাবে সংস্কার করতে, আমাদের রফতানি রক্ষা করতে এবং বছরে প্রায় এক বিলিয়ন যাত্রী চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহন মন্ত্রীর সাথে কাজ করবেন।’
রিপাবলিক প্রকাশিত এক বিবৃতি অনুসারে, বেডফোর্ড বলেছেন, তিনি একটি নতুন, আধুনিক ও সাশ্রয়ী বিমান চলাচল নিয়ন্ত্রণ ব্যবস্থা তৈরি ও স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য উন্মুখ। তিনি একটি নিরাপদ ও আরো দক্ষ বিমান চলাচল নেটওয়ার্ক তৈরি করবেন।
তিনি বলেন, এই অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের সাফল্যের জন্য কংগ্রেস ও বিমান পরিবহন নিয়ন্ত্রণ ব্যবস্থার ব্যবহারকারী সম্প্রদায়ের সমর্থন প্রয়োজন।
ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন গত সপ্তাহে ওয়াশিংটনের রোনাল্ড রিগ্যান বিমানবন্দরের আশেপাশে হেলিকপ্টার চলাচলের ওপর নতুন বিধিনিষেধ ঘোষণা করেছে। গত ২৯ জানুয়ারি একটি বিমান সামরিক ব্ল্যাক হক বিমানকে ধাক্কা দেয়। এতে ৬৭ জন নিহত হন।
সূত্র : এএফপি/বাসস