কিউবায় আবারো ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটের ঘটনা ঘটেছে। এতে দেশটির রাজধানী হাভানাসহ বিভিন্ন প্রদেশের লাখ লাখ মানুষ অন্ধকারে নিমজ্জিত হয়েছে।

শুক্রবার স্থানীয় সময় রাত ৮টা ১৫ মিনিটে হাভানার উপকণ্ঠে ডিয়েজমেরো সাবস্টেশনে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে পশ্চিম কিউবার বিদ্যুৎ উৎপাদন উল্লেখযোগ্যভাবে ব্যাহত হয় এবং জাতীয় বিদ্যুৎ ব্যবস্থাও বিপর্যস্ত হয়ে পড়ে।

কিউবার জ্বালানি ও খনি মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, আমরা পুনরুদ্ধার প্রক্রিয়ায় কাজ করছি।’

বিদ্যুৎ বিভ্রাটের ফলে হাভানার রাস্তাঘাট একেবারে অন্ধকারে ছেয়ে গেছে। আর জনজীবন হয়ে পড়েছে স্থবির। শুধুমাত্র জেনারেটর চালিত হোটেলগুলোর জানালা থেকে আলো আসছিল। আর ইন্টারনেট পরিষেবাও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

দূরবর্তী গুয়ান্তানামো, আর্টেমিসা, সান্তিয়াগো দে কিউবা এবং সান্তা ক্লারা প্রদেশের বাসিন্দারাও ব্ল্যাকআউটের অভিজ্ঞতার কথা জানিয়েছেন।

কিউবার বিদ্যুৎ বিভাগ ইলেকট্রিক ইউনিয়ন পূর্বেই সতর্ক করেছিল, পিক-আওয়ারে বিদ্যুতের চাহিদা প্রায় ৩ হাজার ২৫০ মেগাওয়াট ছাড়িয়ে যেতে পারে। কিন্তু ১ হাজার ৩৮০ মেগাওয়াট ঘাটতি থাকার কারণে জাতীয় বিদ্যুৎ ব্যবস্থার ৪২ শতাংশ বন্ধ হয়ে যাবে।

এর আগেও ২০২৩ সালের শেষ দিকে কিউবা তিনবার ব্যাপক বিদ্যুৎ বিভ্রাটের সম্মুখীন হয়েছিল, যা দেশটির অর্থনৈতিক সঙ্কটকে আরো গভীর করে তুলেছিল। এই নতুন বিভ্রাট বিদ্যুৎ সঙ্কটের পুনরাবৃত্তি এবং কিউবার জ্বালানি ব্যবস্থার দুর্বলতার ইঙ্গিত দিচ্ছে।

সরকার দ্রুত বিদ্যুৎ পুনরুদ্ধারের চেষ্টা চালালেও এই সমস্যা কত দ্রুত সমাধান হবে, তা এখনো অনিশ্চিত।

সূত্র : এপি