হন্ডুরাসের ক্যারিবিয়ান দ্বীপ রোয়াটান থেকে সোমবার উড়ার সময় একটি ছোট বিমান সমুদ্রে বিধ্বস্ত হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
ল্যানহসা এয়ারলাইন্সের বিমানটি রাতে হন্ডুরাসের অন্যতম প্রধান পর্যটন কেন্দ্র রোয়াটান দ্বীপ থেকে মূল ভূখণ্ডের লা সেইবা বন্দরের দিকে যাত্রা করছিল।
বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা কার্লোস প্যাডিলা বলেন, বিমানটি রানওয়ের ডানদিকে তীব্র বাঁক নিয়ে পানিতে পড়ে যায়। ফলে এ দুর্ঘটনা ঘটে।
দমকল বিভাগ জানিয়েছে, দুর্ঘটনায় ১২ জন নিহত হয়েছেন। পাঁচজনকে উদ্ধার করা হয়েছে এবং একজন নিখোঁজ রয়েছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, হন্ডুরাসের গারিফুনা সঙ্গীত জগতের একজন জনপ্রিয় সদস্য অরেলিও মার্টিনেজ নিহতদের মধ্যে রয়েছেন।
এছাড়াও উপকূল থেকে প্রায় এক কিলোমিটার দূরে বিধ্বস্ত বিমানটির কাছে সমুদ্রে একজন ক্রু সদস্যের লাশ ভাসমান অবস্থায় পাওয়া গেছে।
পুলিশ জানিয়েছে, বিমানটিতে পনেরো জন যাত্রীসহ দুজন পাইলট ও একজন বিমান পরিচারিকা ছিলেন।
আহত যাত্রীদের মধ্যে একজন ৪০ বছর বয়সী ফরাসি নাগরিককে মূল ভূখণ্ডের সান পেদ্রো সুলা শহরের একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
হন্ডুরাসের প্রেসিডেন্ট জিওমারা কাস্ত্রো বলেছেন, তিনি দুর্ঘটনায় হতাহতদের সহায়তার জন্য সশস্ত্র বাহিনী, অগ্নিনির্বাপক কর্মী ও অন্যান্যদের সমন্বয়ে গঠিত একটি জরুরি কমিটি মোতায়েন করেছেন।
পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ব্রিটিশ-নির্মিত জেটস্ট্রিম ৪১ বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
সূত্র : এএফপি/বাসস