হন্ডুরাসে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে সাতজন নিহত হয়েছেন এবং আরো ১০ জনকে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিমানটি সোমবার (১৭ মার্চ) রাতে রোয়াটান দ্বীপ থেকে উড়ার কিছুক্ষণ পরই হন্ডুরাসের ক্যারিবিয়ান উপকূলে বিধ্বস্ত হয়।
হন্ডুরাসের পরিবহনমন্ত্রীর মতে, হন্ডুরাসের বিমান সংস্থা ল্যানসা পরিচালিত জেটস্ট্রিম বিমানটিতে ১৪ জন যাত্রী এবং তিনজন ক্রু সদস্য ছিলেন। তিনি জানান, দ্বীপের উপকূল থেকে প্রায় ১ কিলোমিটার দূরে ধ্বংসাবশেষটি পাওয়া গেছে।
স্থানীয় গণমাধ্যমে দেখানো ফ্লাইট ম্যানিফেস্ট অনুসারে, যাত্রীদের মধ্যে একজন মার্কিন নাগরিক, একজন ফরাসি নাগরিক ও দুইজন শিশু রয়েছে। বিমানটির হন্ডুরাসের মূল ভূখণ্ডের লা সেইবা বিমানবন্দরে যাওয়ার কথা ছিল।
রোটান ফায়ার সার্ভিসের ক্যাপ্টেন ফ্র্যাঙ্কলিন বোর্জাস নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন। অন্যদিকে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা উদ্ধার প্রচেষ্টার বিস্তারিত বর্ণনা দিয়েছেন। ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের মতে, নিহতদের মধ্যে বিখ্যাত গ্যারিফুনা সঙ্গীতশিল্পী অরেলিও মার্টিনেজ সুয়াজোও রয়েছেন।
দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। মন্তব্যের অনুরোধে বিমান সংস্থাটি কোনো সাড়া দেয়নি।
বোর্জাস রয়টার্সকে জানান, জীবিতদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তিনি নিশ্চিত করেছেন, বিমানটি দ্বীপ থেকে উড়ার কিছুক্ষণ পরেই দুর্ঘটনার সম্মুখীন হয়।
সূত্র : রয়টার্স