উত্তর মেক্সিকোর সিউদাদ জুয়ারেজের একটি বেসরকারি শ্মশানে ৩৮১টি লাশ স্তূপীকৃত অবস্থায় সন্ধান পেয়েছে পুলিশ।

রোববার স্থানীয় প্রসিকিউটরের কার্যালয় এ তথ্য জানিয়েছে ।

চিহুয়াহুয়া রাজ্য প্রসিকিউটরের কার্যালয়ের যোগাযোগ সমন্বয়কারী এলয় গার্সিয়া বলেন, ‘প্রাথমিকভাবে আমরা ৩৮১টি লাশের সন্ধান পেয়েছি এবং সেগুলো আমাদের কাছে আছে। লাশগুলো অনিয়মিতভাবে শ্মশানে জমা করা হয়েছিল এবং সেগুলোকে দাহ করা হয়নি।’

গার্সিয়া বলেন, শ্মশানের ভবনে বিভিন্ন কক্ষে লাশগুলো ‘স্তূপীকৃত’ অবস্থায় ছিল।

তিনি বলেন, ‘লাশগুলোএকটির ওপরে আরেকটি মেঝেতে রাখা হয়েছিল। সেগুলোকে সুগন্ধিকরণ করা হয়েছিল।’

গার্সিয়া বলেন, ছাইয়ের পরিবর্তে আত্মীয়দের ‘অন্যান্য উপকরণ’ দেয়া হয়েছিল।

কর্তৃপক্ষ অনুমান করেছে, কিছু দেহাবশেষ দু’বছর পর্যন্ত সেখানে থাকতে পারে। গার্সিয়া শ্মশান কতৃপক্ষের ‘অবহেলা এবং দায়িত্বহীনতা’কে দায়ী করেছেন।

তিনি আরো বলেন, ‘আপনি যতটা প্রক্রিয়া করতে পারেন তার চেয়ে বেশি নিতে পারবেন না।’

শ্মশানের একজন প্রশাসক ইতোমধ্যেই প্রসিকিউটরদের কাছে আত্মসমর্পণ করেছেন।

তবে কর্তৃপক্ষ নির্দিষ্ট করেনি লাশগুলো অপরাধমূলক সহিংসতার শিকার ব্যক্তিদের কিনা। সংগঠিত অপরাধের কারণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত দেশ মেক্সিকো বছরের পর বছর ধরে ফরেনসিক ব্যবস্থার সঙ্কটে ভুগছে, যার মধ্যে রয়েছে প্রক্রিয়াজাতকরণের জন্য লাশের সংখ্যাধিক্য, কর্মীদের অভাব ও অর্থের সীমাবদ্ধতা।

সূত্র : বাসস