মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার বলেছেন, ভারতের সাথে তার খুব ভালো সম্পর্ক রয়েছে। তবে দেশটি নিয়ে তার একমাত্র সমস্যা হলো, এটি বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি।
ট্রাম্প মার্কিন সংবাদমাদ্যম ব্রেইটবার্ট নিউজকে এক সাক্ষাৎকারে বলেন, ‘ভারতের সাথে আমার খুব ভালো সম্পর্ক রয়েছে। কিন্তু ভারতের সাথে আমার একমাত্র সমস্যা হলো তারা বিশ্বের সর্বোচ্চ শুল্ক আরোপকারী দেশগুলোর মধ্যে একটি। আমি বিশ্বাস করি তারা এই শুল্কগুলো উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনবে। তবে ২ এপ্রিল আমরা তাদের ওপর একই শুল্ক আরোপ করব যা তারা আমাদের ওপর আরোপ করেছে।’
ভারত-মধ্যপ্রাচ্য-ইউরোপ-অর্থনৈতিক করিডোরকে ট্রাম্প ‘একটি চমৎকার গ্রুপ’ হিসেবে অভিহিত করে বলেন, ‘এটি বাণিজ্যে আমাদের ক্ষতি করতে চাওয়া অন্যান্য দেশগুলোর বিরুদ্ধে লড়াই করবে।’
রিপাবলিকান এই নেতা আরো বলেন, ‘আমরা সেই অংশীদারদের আমাদের সাথে খারাপ আচরণ করতে দিতে পারি না। তবে অনেক ক্ষেত্রে আমাদের শত্রুরা আমাদের বন্ধুদের চেয়ে ভালো আচরণ করে।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ভারতের উদাহরণ টেনে বলেন তিনি বলেন, ‘যাদেরকে আমাদের বন্ধু বলে মনে হয়, যেমন ইইউ, তারা বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সাথে খুব খারাপ আচরণ করে। ভারতকেও সবাই মিত্র হিসেবে মনে করে। কিন্তু তারাও আমাদের পণ্যে উচ্চহারে শুল্ক আদায় করে।’
ভারতের ওপর ট্রাম্পের পাল্টাপাল্টি শুল্ক আরোপ
ট্রাম্প ৫ মার্চ ভারত ও অন্যান্য দেশের উচ্চ শুল্কের সমালোচনা করে এটিকে ‘অত্যন্ত অন্যায্য’ বলে উল্লেখ করেন এবং ২ এপ্রিল থেকে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপকারী দেশগুলোর বিরুদ্ধে পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেন।
মঙ্গলবার কংগ্রেসের যৌথ অধিবেশনে দেয়া ভাষণে ট্রাম্প এই মন্তব্য করেন। হোয়াইট হাউসে তার দ্বিতীয় মেয়াদের এটি ছিল প্রথম ভাষণ।
তিনি বলেন, ‘অন্যান্য দেশগুলো কয়েক দশক ধরে আমাদের বিরুদ্ধে শুল্ক আরোপ করেছে এবং এখন আমাদের সেই অন্যান্য দেশের বিরুদ্ধেও শুল্ক আরোপ শুরু করার পালা। ইউরোপীয় ইউনিয়ন, চীন, ব্রাজিল, ভারত, মেক্সিকো ও কানাডা- আপনি কি তাদের কথা শুনেছেন? এবং অসংখ্য অন্যান্য দেশ আমাদের ওপর আমরা যে শুল্ক আরোপ করি তার চেয়ে অনেক বেশি শুল্ক আরোপ করে। এটা খুবই অন্যায্য। ভারত আমাদের গাড়িতে ১০০ শতাংশের বেশি শুল্ক আদায় করে।’
সূত্র : হিন্দুস্তান টাইমস