মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য-বিষয়ক দূত স্টিভ উইটকফ বলেছেন, নিরস্ত্রীকরণের পর হামাস গাজায় রাজনৈতিকভাবে সক্রিয় হতে পারবে।
শুক্রবার মার্কিন রক্ষণশীল রাজনৈতিক ভাষ্যকার টাকার কার্লসনের সাথে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
তিনি হামাসের যুক্তি ও আলোচনার লক্ষ্য নিয়ে আলোচনা করার সময় বলেন, ‘তাদেরকে নিরস্ত্রীকরণ করতে হবে এবং তারপর তারা গাজায় রাজনৈতিকভাবেও জড়িত হতে পারে।’
তিনি বলেন, ‘আমাদের বুঝতে হবে হামাস কী চায় এবং তারপর ভাবতে হবে যে আমরা তাদের কী প্রস্তাব দিতে পারি যাতে তারা গাজার নিয়ন্ত্রণ ছেড়ে দেয়। এখানেও তাই হওয়া উচিত। সংঘাতের শুরুতে আমরা শুনেছিলাম, হামাস একটি আদর্শ এবং তারা মরতেও প্রস্তুত।’
উইটকফ হামাসের বিষয়ে ট্রাম্প প্রশাসনের নীতি পুনর্ব্যক্ত করে বলেন, ‘হামাস গাজা শাসন করতে পারে না। এটি ইসরাইলের কাছে অগ্রহণযোগ্য। তবে তাদের নিরস্ত্রীকরণ করা সম্ভব। তারপর তারা কিছু সময়ের জন্য থাকতে পারে এবং এমনকি রাজনৈতিকভাবে জড়িত হতে পারে।’
এ সময় তিনি গাজার পুনর্গঠন ও প্রস্তাবিত সমাধানের বিস্তৃতি নিয়েও আলোচনা করেন।
সূত্র : জেরুসালেম পোস্ট