মধ্য আফ্রিকার স্থলবেষ্টিত রাষ্ট্র শাদের সাবেক প্রধানমন্ত্রী সুসেস মাসরাকে ‘অপহরণ’ করা হয়েছে বলে অভিযোগ করেছে তার দল লে ট্রান্সফরমাতরস (দ্য ট্রান্সফর্মারস)।
শুক্রবার (১৬ মে) ভোরে রাজধানী এনজামেনায় অবস্থিত তার বাসভবন থেকে সেনাবাহিনী তাকে অপহরণ করে বলে অভিযোগে জানানো হয়।
লে ট্রান্সফরমাতরসের ফেসবুক পেজে পোস্ট করা এক বিবৃতিতে দাবি করা হয়, ‘ভোর ৫টা ৫৬ মিনিটে সামরিক বাহিনী সুসেস মাসরাকে অপহরণ করেছে।’
ওই পোস্টটির সঙ্গে একটি ভিডিও সংযুক্ত ছিল, যাতে মাসরাকে সশস্ত্র পোশাকধারী একদল সেনার মাঝে তার বাসভবন থেকে বের হয়ে যেতে দেখা যায়। ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
সুসেস মাসরা ২০২৪ সালের জানুয়ারি থেকে মে পর্যন্ত শাদের প্রধানমন্ত্রী ছিলেন। সে বছরের মে মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি মাহামাত ইদ্রিস ডেবির মুখোমুখি হন। নির্বাচনে ডেবি পান ৬১.৩ শতাংশ ভোট এবং মাসরা পান ১৮.৫ শতাংশ। তবে মাসরা ফলাফল প্রত্যাখ্যান করে নিজেকে বিজয়ী দাবি করেন।
সুসেস মাসরা প্রেসিডেন্ট ডেবির অন্যতম কট্টর সমালোচক হিসেবে পরিচিত।
২০২১ সালে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে শাদের দীর্ঘদিনের শাসক ইদ্রিস ডেবি ইটনো নিহত হলে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা তার ছেলে মাহামাত ইদ্রিস ডেবিকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করেন।
ডেবি প্রথমে ১৮ মাসের মধ্যে গণতান্ত্রিক রূপান্তরের প্রতিশ্রুতি দিলেও পরে সেই সময়সীমা আরও দুই বছর বাড়ান। এরপর বিরোধী নেতাদের কেউ কেউ দেশ ছেড়েছেন, কেউ চুপ হয়ে গেছেন কিংবা কেউ শাসকগোষ্ঠীর সঙ্গে সমঝোতায় গেছেন।
২০২৩ সালের ডিসেম্বরে আয়োজিত গণভোটে একটি নতুন সংবিধান অনুমোদন পায়। এরপর ২০২৪ সালের মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে ৪০ বছর বয়সী মাহামাত ডেবি প্রেসিডেন্ট নির্বাচিত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষকেরা নির্বাচনটিকে অবিশ্বস্ত বলে মন্তব্য করেন।
সূত্র : এএফপি