সোমালিয়ার রাজধানীর একটি সেনা নিয়োগ কেন্দ্র লক্ষ্য করে রোববার আল-শাবাব গোষ্ঠীর আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন।

সোমালি কর্তৃপক্ষ এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

এদিকে দেশটির তথ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টা ২০ মিনিটে দক্ষিণ মোগাদিশুর জেরো দামায়ো ক্যাম্পের বাইরে বেসামরিক লোকের ছদ্মবেশে হামলাকারী বিস্ফোরণ ঘটায়।

মন্ত্রণালয় জানিয়েছে, ‘হতাহতের খবর পাওয়া গেছে। তবে বিস্তারিত এখনো জানা যায়নি। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।’

আল-কায়েদার সাথে যুক্ত ইসলামপন্থী গোষ্ঠী আল-শাবাব বোমা হামলার দায় স্বীকার করেছে।

দলটি জানিয়েছে, ‘মোগাদিশুর হোডন জেলার জেরো দামায়োর সামনে ধর্মান্তরিত হয়ে দেশের সেনাবাহিনীতে চাকরি পাওয়ার আশায় অবস্থানরত ধর্মত্যাগীদের লক্ষ্য করে মুজাহিদিনরা এই বিস্ফোরণ ঘটিয়েছে। তারা বাহিনীতে যোগদানের জন্য তালিকাভুক্ত হচ্ছিল।’

প্রত্যক্ষদর্শীরা বিস্ফোরণস্থলের কাছে বিশৃঙ্খলা এবং হতাহতের দৃশ্য বর্ণনা করেছেন।

এলাকার পাশ দিয়ে যাতায়াতকারী টুকটুক-চালক আদান ইয়ারে বলেছেন, বিস্ফোরণের সময় রাস্তাটি বেসামরিক লে লোকে সমাগমে ছিল। লোকজন সামরিক শিবিরে নিয়োগ লাভের জন্য অপেক্ষা করছিল।

তিনি বলেছেন, ‘আমি খুব ভাগ্যবান কারণ, যখন বিস্ফোরণ ঘটে, তখন আমি ইতোমধ্যেই এলাকাটি অতিক্রম করে গিয়েছিলাম।’

আদান ইয়ারে আরো বলেছেন, ‘বিস্ফোরণে আমার টুকটুক কেঁপে ওঠে এবং যখন আমি থামলাম এবং পেছনে তাকালাম, তখন দেখলাম বেশ কয়েকজন লোক মাটিতে পড়েছিল। তাদের মধ্যে কয়েকজন মারা গিয়েছিল এবং অন্যরা আহত হয়েছিল।’

আরেকজন প্রত্যক্ষদর্শী সালিম নূর বলেছেন, তিনি পাঁচজন বেসামরিক লোকের লাশ দেখেছেন।

তিনি বলেছেন, ‘পুরো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, পাথর ও বালি উড়ছে।’

সোমালিয়ার ঘনিষ্ঠ মিসর এই হামলার নিন্দা জানিয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে সোমালিয়ায় আল-শাবাবের হামলার পুনরাবৃত্তি ঘটেছে। সরকার উৎখাতের জন্য লড়াইরত এই গোষ্ঠীটি দরিদ্র ও জলবায়ু-ঝুঁকিপূর্ণ দেশে তাদের অভিযান তীব্র করেছে।

সূত্র : বাসস