পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে একটি স্বর্ণের খনি এলাকায় বন্দুকধারীদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।

রোববার (২৭ এপ্রিল) ফরাসি বার্তাসংস্থা এএফপির সূত্রে এ তথ্য জানিয়েছে বাসস।

অ্যামনেস্টির নাইজেরিয়ার কান্ট্রি ডিরেক্টর ইসা সানুসি বলেন, হামলার সময় পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বেশিভাগ গ্রামবাসী হতাহত হয়েছেন।

খনি ইউনিয়নের কর্মকর্তা ইয়াহায়া আদামু গোবিরাওয়া এএফপিকে বলেন, বৃহস্পতিবার জামফারা রাজ্যের মারু স্থানীয় সরকার এলাকার গোবিরাওয়ার চালি গ্রামে ভারী বন্দুক ব্যবহার করে ডাকাতরা ওই হামলা চালায়।

পুলিশ হামলার বিষয়টি নিশ্চিত করেনি, তবে তারা এখনো তদন্ত করছে বলে জানিয়েছে।

জামফারা উত্তর-পশ্চিম ও মধ্য নাইজেরিয়ার কয়েকটি রাজ্যের মধ্যে একটি। এ রাজ্যগুলো ডাকাতদের আক্রমণের শিকার হয়। দেশের প্রত্যন্ত অঞ্চলে সরকারের উপস্থিতি, অবকাঠামো ও নিরাপত্তা ব্যবস্থা খুবই দুর্বল হওয়ায় অপরাধী দলগুলো এসব অঞ্চলে অবস্থিত গ্রামে প্রায়ই হামলা চালায় এবং বাসিন্দাদের হত্যা ও অপহরণ করে থাকে।

গোবিরাওয়া এই আক্রমণ ‘বিনা উস্কানিতে’ ঘটেছে বলে বর্ণনা করেন। তিনি আরো বলেন, মঙ্গলবার হামলাকারীরা প্রথমে ঘটনাস্থলে হামলা চালালে তাদের প্রতিহত করা হয়েছিল।

তিনি আরো বলেন, পরে বৃহস্পতিবার ‘তারা অনেক বেশি সংখ্যায় ফিরে এসে খনি শ্রমিক ও পাহারাদারদের আক্রমণ করে। দস্যুরা আরো বিশেষভাবে সশস্ত্র ছিল। তারা ভারী বন্দুক ব্যবহার করেছিল।’

গত বছর জামফারা রাজ্য সরকার সম্প্রদায়গুলোকে নিরাপদ রাখার লক্ষ্যে পাঁচ হাজার ২০০ সদস্যের শক্তিশালী জামফারা কমিউনিটি গার্ড গঠন করে।