বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পুরোধা ও ছায়ানটের সভাপতি সনজীদা খাতুন মারা গেছেন।

মঙ্গলবার দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন সনজীদা খাতুনের মেয়ের স্বামী নিয়াজ মোর্শেদ কাদেরী।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। তিনি কিডনি রোগ ছাড়াও বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন।

সনজিদা খাতুন বাংলাদেশে রবীন্দ্রসঙ্গীত চর্চা এবং সাংস্কৃতিক আন্দোলনের ক্ষেত্রে সুপরিচিত ব্যক্তিত্ব ছিলেন। পাকিস্তানি শাসকদের রক্তচক্ষু উপেক্ষা করে তখনকার প্রেক্ষাপটে রবীন্দ্র সঙ্গীত চর্চা এবং তা আরো আনেকের মাঝে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন যে কয়েকজন, তাদের একজন ছিলেন তিনি।

পরবর্তীতে দক্ষ একজন সাংস্কৃতিক আন্দোলন কর্মী এবং সংগঠক হিসেবে তিনি পরিচিতি পান।

সনজিদা খাতুনের জন্ম ১৯৩৩ সালে। তাকে কাছ থেকে দেখেছেন যারা তাদের কাছে অনন্য সাধারণ এক ব্যক্তিত্ব তিনি।

বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তার লাশ শ্রদ্ধা নিবেদনের জন্য ছায়ানটে নেয়া হবে বলে কাদেরী জানিয়েছেন।

সূত্র : বিবিসি