মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি ২০২৪ সালের জন্য সাধারণ শেয়ারহোল্ডারদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছে।

বৃহস্পতিবার (২৮ আগস্ট) সকাল ১১টায় ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত কোম্পানির ২৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এ সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

এ সভায় কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদের সভাপতিত্বে ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল), পরিচালক রিয়াজ উদ্দিন আহমেদ, এ এন এম ফজলুল করিম মুন্সী, মো: মঈন উদ্দিন, সবিতা ফেরদৌসী, শারমিন নাসির, দিলরুবা শারমিন ও প্রফেসর আনসার আলীসহ অন্য পরিচালক এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তারেক এফসিএসহ উর্ধ্বতন কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা করেন এএমডি ও কোম্পানি সচিব মো: এনামুল হক।

২০২৪ সালে কোম্পানিটি মোট ৩৩৬ কোটি টাকা প্রিমিয়াম আয় করে। এ সময় মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ১,৭৯৯ কোটি টাকা এবং বীমা দাবি পরিশোধ করা হয় ৩৬৩.৫০ কোটি টাকা। কোম্পানির শেয়ারপ্রতি আয় (EPS) দাঁড়ায় ১.৬১ টাকা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (NAV) হয় ১.৫০ টাকা।

এ সভায় সভাপতির বক্তব্যে কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ বলেন, ‘কার্যক্রম শুরুর পর হতে বিগত বছরগুলোতে মেঘনা লাইফ ৪,১৫০ কোটি টাকা বীমা দাবি পরিশোধ করেছে এবং ২০২৪ সালে গ্রাহকের মৃত্যুদাবি বাবদ ৮.১৮ কোটি টাকা, কিস্তি বীমার সুবিধা বাবদ ১০১.১২ কোটি টাকা, মেয়াদ পূর্তি দাবি বাবদ ১৬৬.০২ কোটি টাকা, সমর্পণ দাবি বাবদ ৮.০৫ কোটি টাকা এবং বোনাস বাবদ ৮০.০২ কোটি টাকাসহ সর্বমোট প্রায় ৩৬৪ কোটি টাকা পরিশোধ করেছে। এই পরিসখ্যানই বলে দেয়, মেঘনা লাইফ দাবি পরিশোধে প্রতিশ্রুতিবদ্ধ।’

পরিশেষে কোম্পানির চেয়ারম্যান তার বক্তব্যে ২০২৫ সালের জন্য যথাযথ কর্মপরিকল্পনা গ্রহণ এবং কোম্পানির ধারাবাহিক সাফল্যের জন্য বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জও অন্যান্য নিয়ন্ত্রণকারী সংস্থা এবং কোম্পানির সকল স্তরের কর্মকর্তা-কর্মচারী, বীমাকর্মী, পলিসি হোল্ডার ও শেয়ারহোল্ডারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।