প্রতিবারের মতো এবারো দেশের প্রান্তিক পর্যায়ের চায়ের দোকানদারদের মেধাবী সন্তান ও তাদের পরিবারকে সম্মাননা দিলো মেঘনা গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড ‘নাম্বার ওয়ান’। এসএসসি/সমমান ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৬২ জন প্রান্তিক পর্যায়ের চায়ের দোকানদারদের সন্তান এবং তাদের পুরো পরিবারকে এবারের আয়োজনে সংবর্ধনা দেয়া হয়েছে।

শনিবার (৩০ আগস্ট) রাজধানীর একটি অভিজাত হোটেলে আয়োজিত এই অনুষ্ঠানে সম্মাননার পাশাপাশি আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় তাদের এককালীন শিক্ষাবৃত্তি, ক্রেস্ট, সার্টিফিকেটসহ অন্যান্য উপহার সামগ্রী দেয়া হয় বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে মেঘনা গ্রুপ।

এতে বলা হয়, ‘নাম্বার ওয়ান বাবার কৃতী সন্তান সংবর্ধনা ২০২৫’-এ উপস্থিত ছিলেন প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক। এছাড়াও উপস্থিত ছিলেন মেঘনা গ্রুপের (এমজিআই) চিফ অ্যাকাউন্টস অফিসার (সিএও) মো: রহমতুল্লাহ খন্দকার, চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) আতিক উজ জামান খান, হেড অব সাপ্লাই চেইন রাশেদুল হকসহ এমজিআই’র ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক তার বিভিন্ন অনুপ্রেরণামূলক গল্পের পাশাপাশি কৃতী সন্তানদের উদ্দেশে বলেন, ‘দারিদ্র্য বড় হওয়ার পথে কোনো বাধা নয়। যারা কষ্ট করে বড় হয়, তারাই প্রকৃতপক্ষে বড় হয়।’ তিনি লেখাপড়াকে পরশমণির সাথে তুলনা করে পড়াশোনার প্রতি আরো মনোযোগী হওয়ার জন্য আহ্বান জানান।

মো: রহমতুল্লাহ খন্দকার বলেন, ‘প্রতিটি সন্তানের সফলতার পেছনে রয়েছে বাবা ও মায়ের অনেক ত্যাগ ও সংগ্রাম। আমরা সেইসব বাবা-মায়ের সন্তানদের জন্যে এই সংবর্ধনা আয়োজন করতে পেরে আমরা গর্বিত। নাম্বার ওয়ান ব্র্যান্ড সবসময় তাদের সাথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।’

তিনি আশা ব্যক্ত করে বলেন, ‘এই কৃতী সন্তানেরা এক সময় সাফল্যের আলোয় আলোকিত করবে দেশ ও পরিবার।’

অনুষ্ঠানে উপস্থিত সকল কৃতী সন্তানদের নাম্বার ওয়ান মানুষ অর্থাৎ সত্যিকার মানুষ হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন আতিক উজ জামান খান।

ঢাকার কমলাপুর থেকে আসা শিক্ষার্থী জাহিদ হোসেনের বাবা জাহাঙ্গীর হোসেন বলেন, এরকম অনুষ্ঠান তাদের জন্য সত্যিই এক অনুপ্রেরণামূলক। তিনি সারাদেশের চা-দোকানিদের সাথে এক ছাদের নিচে আসতে পেরে অনেক আনন্দিত। তিনি নাম্বার ওয়ান ব্র্যান্ডকে তার পক্ষ থেকে ধন্যবাদ জানান।

অন্যদিকে দিনাজপুর থেকে আসা আরেক শিক্ষার্থী দিয়া রায় বলেন, তিনি কখনো ভাবেননি জীবনে এমন বড় কোনো সংবর্ধনা পাবেন। এজন্য তিনি তার পরিবারের প্রতি এবং নাম্বার ব্র্যান্ডের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের (এমজিআই) জনপ্রিয় ব্র্যান্ড নাম্বার ওয়ান। জনপ্রিয় এই ব্র্যান্ডটি দেশব্যাপী ভোক্তাদের কাছে তাদের চাহিদা অনুযায়ী মানসম্মত বিভিন্ন ভোগ্য পণ্য বাজারজাত করে অর্জন করে নিয়েছে কোটি মানুষের আস্থা ও ভালোবাসা। প্রান্তিক পর্যায়ে চায়ের দোকানদারদের কাছে নাম্বার ওয়ান ব্র্যান্ডের কনডেন্সড মিল্ক, চা পাতা, চিনি, গুড়ো দুধ তাদের ব্যবসায়িক সমৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি জীবনমান উন্নতিকরণে ভূমিকা রেখে যাচ্ছে প্রতিনিয়ত।