ঐতিহ্য ও আধুনিকতার নতুন সূচনার এক অনন্য সন্ধ্যায় রাজধানীর গুলশানে আলিফ আতর কোম্পানির প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) গুলশানের এম এম কে আকাশ অ্যাভিনিউ (৯ম তলা), ১২ কামাল আতাতুর্ক অ্যাভিনিউ, গুলশান-২, ঢাকা-১২১২ উদ্বোধন করা হয়।
প্রধান কার্যালয়ের উদ্বোধন করেন আলিফ আতর কোম্পানির স্বত্বাধিকারী মাওলানা সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আলিফ আতর কোম্পানির হেড অব মার্কেটিং ইব্রাহিম খলিলসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা।
ইব্রাহিম খলিল বলেন, গুলশান-২ এ প্রধান কার্যালয় স্থাপন নতুন ধাপ। এর মাধ্যমে গ্রাহকের কাছে পৌঁছানো আরো সহজ হবে।
তিনি জানান, কোন মৌসুমে কোন ধরনের সুগন্ধি ব্যবহার উপযোগী সে বিষয়ে সচেতনতা তৈরিতেও কোম্পানি কাজ করবে। লক্ষ্য হচ্ছে দেশীয় পণ্যকে আন্তর্জাতিক বাজারে নিয়ে যাওয়া।
তিনি আরো বলেন, পারফিউম উৎপাদনে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট টিম কাজ করছে। মান নিয়ন্ত্রণে এআই প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। শিগগিরই এয়ারকেয়ারসহ টয়লেট্রিজ পণ্য বাজারে আসবে।
মাওলানা সাইফুল ইসলাম বলেন, আলিফ আতর কোম্পানির উদ্দেশ্য ব্যবসার পাশাপাশি রাসুল সা: এর সুন্নতের বাস্তবায়ন।
তিনি জানান, দেশে পারফিউম ও টয়লেট্রিজ উৎপাদনের জন্য ১২০ বিঘা জমিতে প্রকল্প নেয়া হয়েছে। এর মধ্যে ৫০ বিঘায় অটোমেশন কারখানা, ২০ বিঘায় মসজিদ-মাদরাসা কমপ্লেক্স এবং ৫০ বিঘায় কর্মীদের আবাসন হবে। এছাড়া পারফিউম বিষয়ক উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনাও রয়েছে।
প্রধান কার্যালয়ে দর্শনার্থীদের জন্য এক্সপেরিয়েন্স জোন, রিসেপশন, ওয়ার্ক স্টেশন এবং কনফারেন্স রুম রয়েছে।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেমিক্যাল অ্যান্ড পারফিউমারি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো: নজরুল ইসলাম, কাজী ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এজিএম রাজিব সাহা, খদ্দর বাজার ইসলামিক আইটেম ব্যবসায়ী সমিতির সভাপতি মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।