বনশ্রী সোসাইটির মর্যাদাপূর্ণ ও বহুল প্রতীক্ষিত নির্বাচন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ‘একসাথে চলার প্রত্যয়ে’ সমমনা সমর্থিত ‘শাহাবুদ্দিন-রেজা পরিষদ’ সাধারণ ভোটার ও এলাকাবাসীর বিপুল সমর্থন লাভ করে পূর্ণ প্যানেল বিজয়ী হয়েছে। এই জয়যাত্রায় যুগ্ম মহিলা ও শিশু সম্পাদিকা পদে নিরঙ্কুশ বিজয় অর্জন করেছেন রেহানা পারভীন।

গত শনিবার (২৭ জুন) বনশ্রী সোসাইটির নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। রোববার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয় এবং সোমবার নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে রেহানা পারভীন মোট ৯৭৪ ভোট পেয়ে বিজয় অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফাহমিদা করিম পেয়েছেন ৭৭৯ ভোট। ব্যবধান ছিল ১৯৫ ভোট, যা তার প্রতি ভোটারদের আস্থা ও সমর্থনের প্রমাণ। একই সাথে ‘শাহাবুদ্দিন–রেজা পরিষদ’ তাদের পূর্ণ প্যানেল নিয়ে বিজয়ী হয়ে সোসাইটির নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করে।
বিজয়ী হওয়ার পর রেহানা পারভীন বনশ্রী সোসাইটির সকল ভোটার ও বাসিন্দার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এই বিজয় শুধু তাঁর ব্যক্তিগত অর্জন নয়, বরং বনশ্রী সোসাইটির উন্নয়ন, ঐক্য ও কল্যাণে বিশ্বাসী সকল বাসিন্দার সম্মিলিত প্রত্যাশার প্রতিফলন।
তিনি আরো বলেন, নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে তিনি আন্তরিকভাবে কাজ করবেন। নারী ও শিশুদের কল্যাণ, সামাজিক সম্প্রীতি, নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ এবং সোসাইটির সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা ও অংশগ্রহণ কামনা করেন তিনি।