সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছে নবগঠিত রাজনৈতিক দল ‘বাংলাদেশ আ-আম জনতা পার্টি’।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় দলের আহ্বায়ক মোহাম্মদ রফিকুল আমীন ও সদস্য সচিব ফাতিমা তাসনিমের নেতৃত্বে কার্যনির্বাহী পরিষদ জাতীয় স্মৃতিসৌধের বেদিতে দলের নেতাকর্মীদের নিয়ে এই শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় রফিকুল আমীন বলেন, মুক্তিযুদ্ধে অর্জিত দেশের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে সব রাজনৈতিক দলের সাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আ-আম জনতা পার্টি। কারো সাথে বৈরিতা নয়, দেশের কল্যাণে সবাইকে সাথে নিয়ে কাজ করাই নতুন রাজনৈতিক দলের উদ্দেশ্য।
এ সময় ২৪-এর গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের প্রতি সমবেদনা জানান রফিকুল আমীন।
সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, প্রথম দিন থেকেই সাংবাদিকরা নতুন রাজনৈতিক দলকে ইতিবাচকভাবে নিয়েছেন।
আগামী দিনের পথ চলায়ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।
দলের সদস্য সচিব ফাতিমা তাসনিম বলেন, দল গঠনের দ্বিতীয় দিনে আমরা দলের নেতাকর্মীদের সাথে নিয়ে স্মৃতিসৌধে আসছি। গতকাল আমাদের বাংলাদেশ আ-আম জনতা পার্টি গঠিত হয়েছে। ১৯৭১ সালে যাদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলাদেশ নামে এটি স্বাধীন দেশ পেয়েছি এবং ২৪-এর জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের প্রতিও গভীর শ্রদ্ধা জানাই।
পরে পরিদর্শন বইয়ে মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অভিব্যক্তি লেখেন দলের প্রতিষ্ঠাতা মোহাম্মদ রফিকুল আমীন।