হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (এইচএসআইএ) বাইরের গোলচত্বর এলাকা থেকে একটি গাড়ি তল্লাশি করে ১ হাজার ৮১২ গ্রাম বা ১৫৫ দশমিক ৩৫ ভরি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস্ গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

সোমবার গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের বাইরের গোলচত্বর এলাকায় একটি গাড়ি তল্লাশির জন্য থামানো হলে চালক মো: শামীম মিয়া গাড়ি ফেলে পালিয়ে যান।

পরে ঘটনাস্থলে উপস্থিত বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের এয়ারফ্রেইট সার্কেলের কর্মকর্তা-কর্মচারীরা গাড়িটিতে তল্লাশি চালান। এ সময় গাড়ি থেকে ১৪টি স্বর্ণের বার ও ১২টি স্বর্ণের পাত উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ৭২ লাখ ৭২ হাজার ৮৯২ টাকা ৪৮ পয়সা।

পরে গাড়িটি আরো ভালোভাবে তল্লাশি করে তিনটি মোবাইল ফোন, যার মধ্যে একটি নতুন আইফোন-১৭ প্রো ও দুইটি ব্যবহৃত ফোন, ১ লাখ ৭ হাজার ৫৮৫ টাকা, একটি ব্যবহৃত ল্যাপটপ, বিভিন্ন ব্যাংকের আটটি ডেবিট ও ক্রেডিট কার্ড, দুইটি ড্রাইভিং লাইসেন্স এবং একটি জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন আনুষঙ্গিক সামগ্রী উদ্ধার করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তা-কর্মচারীরা পরে কাস্টমস হলে উদ্ধার করা সব পণ্যের ইনভেন্টরি করেন।

কাস্টমস হাউস, ঢাকার স্বর্ণ পরীক্ষার যন্ত্রে পরীক্ষা করে উদ্ধার করা স্বর্ণ ২৪ ক্যারেটের বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে। সূত্র : বাসস