মেট্রোরেল লাইন-৬-এর নিরাপত্তা নিশ্চিত করতে সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়নে বিভিন্ন কার্যক্রম এগিয়ে নিচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। এর অংশ হিসেবে চারটি গুরুত্বপূর্ণ পিয়ারে স্টিল ব্র্যাকেট স্থাপন, বিয়ারিং প্যাড প্রতিস্থাপন এবং কাঠামোর বিভিন্ন স্থানে ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাতে ডিএমটিসিএলের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। একই দিন সেফটি অডিট কমিটির সুপারিশ বাস্তবায়ন কমিটির ষষ্ঠ সভায় কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, উচ্চ আদালতের নির্দেশনায় গুরুত্ব দেয়া পিয়ার নম্বর ৪২৩, ৪৪২, ৪৪৬ ও ৪৪৮-এ মোট ১০টি স্টিল ব্র্যাকেট স্থাপনের কাজ শেষ হয়েছে। পিয়ার-৪৪৮-এর বিয়ারিং প্যাড স্থাপনও সম্পন্ন হয়েছে। বর্তমানে মজুদ থাকা পাঁচটি বিয়ারিং প্যাড দ্রুত প্রতিস্থাপনের কাজ চলছে। এছাড়া আরো ২২টি বিয়ারিং প্যাড কেনার প্রক্রিয়া চলমান রয়েছে।

সেটেলমেন্ট পর্যবেক্ষণের জন্য ২৭টি পিয়ার হেডে সেটেলমেন্ট মার্কার স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে। এর মধ্যে পাঁচটি মার্কার কেনা হয়েছে। একইসাথে ২৭টি ক্র্যাক গেজ স্থাপনের উদ্যোগ নেয়া হয়েছে, যার মধ্যে দুইটি ইতোমধ্যে সংগ্রহ করা হয়েছে।

এছাড়া পিয়ার হেড ও বক্স গার্ডারের ক্র্যাকের স্থায়ী সমাধানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়কে (বুয়েট) স্ট্রাকচারাল কনসালট্যান্ট হিসেবে যুক্ত করার উদ্যোগ নেয়া হয়েছে। কাঠামোর বিভিন্ন স্থানে মোট ১০২টি ক্র্যাক গেজ স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে তিনটি ইতোমধ্যে কেনা হয়েছে এবং বাকি গেজ সংগ্রহের প্রক্রিয়া চলছে।

মেট্রোরেলের ওভারহেড ক্যাটেনারি সিস্টেম (ওসিএস) ও বৈদ্যুতিক ব্যবস্থার স্পার্কিং সমস্যাও প্রকৌশলী দল তদন্ত করেছে। ইনসুলেটেড ওভারল্যাপ (আইওএল) পুনর্নির্ধারণের জন্য নকশা পরিবর্তনের কার্যক্রম শুরু হয়েছে।

ডিএমটিসিএল জানায়, সব স্টেশন ও বিদ্যুৎকেন্দ্রের ওয়াটারপ্রুফিংয়ের কাজও দ্রুত এগিয়ে চলছে। বিদ্যুৎ বিভ্রাটের সময় নিয়ন্ত্রণ কক্ষের সাথে সমন্বয়ের জন্য বিশেষ জরুরি সেবার লাইভ-টেস্ট সফলভাবে সম্পন্ন হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, তাৎক্ষণিক সুপারিশ বাস্তবায়নের পাশাপাশি সেফটি অডিট কমিটির মধ্যমেয়াদি সুপারিশ বাস্তবায়নের জন্যও প্রস্তুতিমূলক কার্যক্রম শুরু হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশনা ও সেফটি অডিট কমিটির সুপারিশের ভিত্তিতে মেট্রোরেল লাইন-৬-এর কাঠামোগত নিরাপত্তা ও পরিচালন ব্যবস্থা আরো শক্তিশালী করতে এসব কার্যক্রম নেয়া হচ্ছে।

ডিএমটিসিএল আশা করছে, আদালতের নির্দেশনা ও বিশেষজ্ঞদের সুপারিশ যথাযথভাবে বাস্তবায়নের মাধ্যমে এমআরটি লাইন-৬-এর পরিচালন ব্যবস্থা আরো শক্তিশালী হবে।