ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) আরো জনসম্পৃক্ত ও কার্যকর করতে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সংস্থাটির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম।
সোমবার বিকেলে নগর ভবনে বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত কমিটির নেতাদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ঢাকাবাসীকে এই শহরকে নিজেদের মনে করতে হবে। তা না হলে শহরের প্রতি মানুষের দরদ তৈরি হবে না। তিনি বলেন, সিটি করপোরেশনকে আরো শক্তিশালী ও জনগণের সাথে সম্পৃক্ত করতে হবে। বর্তমানে ঢাকা সিটি করপোরেশনের সঙ্গে জনগণের যে ধরনের সম্পৃক্ততা থাকা প্রয়োজন, তা নেই।
তিনি আরো বলেন, ঢাকাকে আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে ডিএসসিসি কাজ করছে। এ মহাপরিকল্পনা বাস্তবায়নে গণমাধ্যমের গঠনমূলক পরামর্শ ও সহযোগিতা প্রয়োজন।
গণমাধ্যমকে উন্নয়নের অন্যতম প্রধান অংশীদার উল্লেখ করে ডিএসসিসি প্রশাসক বলেন, সাংবাদিকদের লেখনীর মাধ্যমে নাগরিক সমস্যাগুলো উঠে এলে প্রশাসনের পক্ষে দ্রুত ব্যবস্থা নেয়া সহজ হয়। ঢাকাভিত্তিক যেকোনো উদ্যোগে সিটি করপোরেশন সাংবাদিকদের পাশে থাকবে বলেও তিনি জানান।
আবদুস সালাম বলেন, ১৬১০ সালে সুবাহ বাংলার রাজধানী হিসেবে যাত্রা শুরু করা ঢাকা ইতোমধ্যে ৪১৬ বছরে পদার্পণ করেছে। এই দীর্ঘ ইতিহাস ও ঐতিহ্য উদযাপনে ডিএসসিসি ‘হৃদয়ে ঢাকা’ শীর্ষক বিশেষ উৎসবের আয়োজন করেছে।
তিনি বলেন, ৪১৬ বছরের পুরোনো এই নগরীর বর্তমান নাগরিক সমস্যা ও ভবিষ্যৎ চ্যালেঞ্জগুলো সাংবাদিকদের লেখনীতে বস্তুনিষ্ঠভাবে উঠে আসা প্রয়োজন।
মতবিনিময় সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের সভাপতি নূরুদ্দিন আহমেদ ‘হৃদয়ে ঢাকা’ উৎসবের উদ্যোগকে স্বাগত জানান। ঢাকাভিত্তিক যেকোনো কার্যক্রমে সংগঠনটি সিটি করপোরেশনের পাশে থাকবে বলে তিনি জানান।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোমিন হোসেন সাংবাদিকদের অধিকার রক্ষা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রশাসকের সহযোগিতা কামনা করেন। একইসাথে নগর ভবনের উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করার আহ্বান জানান।
সভায় বৃহত্তর ঢাকা সাংবাদিক ফোরামের নেতারা উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস