ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের স্মৃতি ও কর্মময় জীবনকে উৎসর্গ করে নির্মিত ‘স্বাধীনতা কর্ণার’-এর উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে ‘স্বাধীনতা কর্ণার’-এর উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ট্রেনিং শাখার প্রধান অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আব্দুল হালিম।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্ব, রাষ্ট্রচিন্তা ও কর্মজীবন নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস।
নবনির্মিত ‘স্বাধীনতা কর্ণার’-এ শহীদ জিয়াউর রহমানের জীবন ও কর্ম নিয়ে রচিত দুর্লভ বই, ঐতিহাসিক আলোকচিত্র, মুক্তিযুদ্ধের দলিলপত্র এবং তার উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিভিন্ন তথ্য সংরক্ষণ করা হয়েছে। এছাড়া জুলাই গণ-অভ্যুত্থান-সংক্রান্ত ছবি ও বইও রাখা হয়েছে।
আয়োজকদের মতে, প্রশিক্ষণার্থী ও দর্শনার্থীরা এই কর্ণার থেকে দেশের স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ-পরবর্তী বাংলাদেশ গঠনে শহীদ জিয়াউর রহমানের অবদান সম্পর্কে ধারণা লাভ করতে পারবেন।
উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশিক্ষক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন। দেশ ও জাতির সমৃদ্ধি এবং শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।