সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, দেশ চায় স্বাধীনতা, জনগণ চায় বিপ্লবী পরিবর্তন, মানুষ চায় গণতান্ত্রিক সমাজ। আমরা চেয়েছিলাম এই দেশ হবে জনতার দেশ। সমস্ত আধিপত্যবাদ থেকে জাতি মুক্ত হবে।
তিনি বলেন, বিগত ২০২৪ সালের ১৫ জুলাই থেকে ৫ আগস্ট একটা ফ্যাসিবাদী শক্তিকে পরাজিত করার মাধ্যমে ইতিহাসের একটি অনিবার্য ঘটনা ঘটেছে।
শিল্পকলা একাডেমির নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণে আয়োজিত স্মরণসভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজন করে ‘ভয় দেখাতে পারেনি জীবন’ শিরোনামের এ অনুষ্ঠান।
জুলাই গণঅভ্যুত্থানের ওই সময়কালের নানান ঘটনার স্মৃতিচারণা করে সংস্কৃতিমন্ত্রী বলেন, জুলাই আন্দোলনে শহীদ ও আহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা থাকবে।
মন্ত্রী আরো বলেন, ‘কেবল ভোটের অধিকার এবং ন্যায় বিচার চাইতে গিয়ে আমাদের বহু লোককে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, আয়না ঘরে বন্দী করে রাখা হয়েছে। পরিকল্পিত বিচারালয়ে যাকে খুশি তাকে ফাঁসি দেয়া হয়েছে। আমাদের রাজনৈতিক দল বিএনপিসহ অন্যান্য শরিক দলগুলোও হত্যা, গুম ও খুনের শিকার হয়েছে। ১৮ বছরের চূড়ান্ত পরিণতিতে এই জুলাই মাসে কোমলমতি ছাত্ররা জীবন দানের চূড়ান্ত সংকল্প করে জয় লাভ করেছে।’ বাসস