কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট ‘আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশ’র উদ্যোগে আয়োজিত জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন সফল করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) বাদ আসর উত্তরার জামিআতুল মানহালে সংগঠনটির ঢাকা মহানগর উত্তরা জোনের উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব মুফতি কিফায়েতুল্লাহ আজহারীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা মুহিউদ্দিন রাব্বানী।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহিউদ্দিন রাব্বানী বলেন, খতমে নবুওয়তের আকিদা সংরক্ষণ এবং কাদিয়ানীদের অপতৎপরতা প্রতিরোধ করা প্রতিটি মুসলিমের ঈমানী দায়িত্ব। কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের সব ধরনের বই-পুস্তক বাজেয়াপ্ত ও নিষিদ্ধ করার দাবিতে এই জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলনের আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর হলরুম বুকিং সম্পন্ন হয়েছে। আগামী ১৫ আগস্ট দুপুর ২টা থেকে সম্মেলন শুরু হবে।’ তিনি সর্বস্তরের ওলামায়ে কেরাম ও তাওহিদী জনতার প্রতি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে সম্মেলনকে সফল করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে হাফেজ মাওলানা নাজমুল হাসান কাসেমী বলেন, ‘ঈমানী আকিদা সংরক্ষণের লক্ষ্যে উত্তরার ওলামায়ে কেরাম যে ঐক্য ও উদ্দীপনার পরিচয় দিয়েছেন, তাতে আমরা আশাবাদী। কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার ঐতিহাসিক দাবিতে আগামী ১৫ আগস্টের জাতীয় ওলামা-মাশায়েখ সম্মেলন, ইনশাআল্লাহ, সর্বাত্মকভাবে সফল হবে।’

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা আব্দুল কাইয়ুম ইসলামবাগ, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা রাশিদ বিন নূর এবং মাওলানা নজরুল ইসলাম।

এ সময় উত্তরাঞ্চলের ওলামায়ে কেরামের মধ্যে বক্তব্য রাখেন মুফতি মহিউদ্দিন মাসুম, মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মুফতি জাকির হোসাইন কাসেমী, মাওলানা শেখ বোরহান উদ্দিন, মাওলানা আহমদ শফি, মাওলানা আনিসুর রহমান, মুফতি শওকত কাসেমী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা ইউসুফ আলী কাসেমী, মাওলানা নিজাম তালুকদার, মাওলানা মোকাররম হোসাইন, মুফতি রুহুল আমিন নোমানী ও মাওলানা ইব্রাহিম খান আজাদীসহ স্থানীয় ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন