ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা ও দেশকে অপশাসন-দুঃশাসন মুক্ত করতে সকলকে ময়দানে আপসহীন ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা-১২ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী সাইফুল আলম খান মিলন।

বুধবার (১২ নভেম্বর) তার সমর্থনে শিল্পাঞ্চল থানা জামায়াত আয়োজিত বিশাল মিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। থানা আমির কলিম উল্লাহর সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন থানা সেক্রেটারি নূর উদ্দিন মোহাম্মদ জাহিদসহ থানা নেতৃবৃন্দ।

পথসভায় বিপুলসংখ্যক সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। ট্রাকস্ট্যান্ড থেকে মিছিলটি শুরু হয় দক্ষিণ বেগুনবাড়ি হয়ে উত্তর বেগুন বাড়ি এসে শেষ হয়।

সাইফুল আলম খান মিলন বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভবিষ্যৎ নিয়ে আশাবাদের সৃষ্টি হয়েছিলো। বিপ্লবোত্তর প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই গণহত্যাকারী বিচারের পর একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রতিশ্রুতি দেয়া হলেও মহল বিশেষের হঠকারিতার কারণেই অন্তর্বর্তী সরকার সে প্রতিশ্রুতি রক্ষা করতে পারছে না। কিন্তু সচেতন ছাত্র-জনতা এসব ষড়যন্ত্র কোনোভাবেই মেনে নেবে না।

তিনি প্রয়োজনীয় রাষ্ট্রীয় সংস্কার, জুলাই সনদের সাংবিধানিক ভিত্তি দিতে নির্বাচনের আগেই গণভোট, গণহত্যার বিচার দৃশ্যমান হওয়ার পর পিআর পদ্ধতি নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানান।

তিনি বলেন, এ দেশের মানুষ আর অপশাসন-দুঃশাসন ও স্বৈরাচারি-ফ্যাসিবাদী শাসনে ফিরে যেতে চায় না। কারণ, তারা স্বাধীনতার পর সুশাসন ও জনগণের ভাগের পরিবর্তে নামে লুটেরাদের লুটপাট ও লাগামহীন জুলুমবাজী দেখছে। তাই তারা এখন পরিবর্তন চায়। দেশের মানুষ এখন আর পুরাতন প্রতীকে ভোট দিয়ে নতুন করে প্রতারিত হতে চায় না। কারণ, তারা উপলব্ধি করতে পেরেছে যে, অতীতের শাসকরা জনগণের ভাগ্যের পরিবর্তনের কথা বলে নিজেদের ভাগ্যের পরিবর্তন করে নিয়েছে। তাই তারা এখন দাঁড়িপাল্লা প্রতীকের অনুকূলে গণজোয়ার সৃষ্টি করে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকারে শরীক হতে চায়।

তিনি দেশকে ক্ষুধা, দারিদ্র, দুর্নীতি ও ঘুষ করে করে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য সকলকে জামায়াত প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে ময়দানে আপসহীন থাকার আহ্বান জানান।