জাতীয় গণতান্ত্রিক পার্টি’র (জাগপা) ছাত্র সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আব্দুর রহমান ফারুকী বলেছেন, জুলাই সনদ হবে আমাদের জাতীয় সনদ। যেই সনদকে বর্তমানে ধারণ করে আগামীর বাংলাদেশ গড়তে হবে। জুলাই সনদ হবে গণঅভ্যুত্থানের আনুষ্ঠানিক স্বীকৃতি। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত না করলে হাজারো শহীদ, জুলাই যোদ্ধা এবং আমরা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনা ও হিন্দুস্তানের বিরুদ্ধে রাজপথে ছিলাম তাদের সবাইকে একদিন অপরাধী হিসেবে গণ্য করা হবে। তাই এই বিষয়ে কোনো আপস হবে না। জুলাই সনদকে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে, গণহত্যাকারী ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচার এবং সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের বিচারের দাবি নিয়ে দেশব্যাপী গণসংযোগ এবং আগস্ট মাসের ৬ তারিখ খুনি হাসিনাকে ফেরতের দাবিতে ভারতীয় দূতাবাস ঘেরাও কর্মসূচি ঘোষণা করেছে জাগপা সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান। তার অংশ হিসেবে মাসব্যাপী কর্মসূচির ১১তম দিন আজ ১১ জুলাই সাতক্ষীরা জেলার নিউ মার্কেট, জজ কোর্ট, খুলনা রোড মোড় এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা করেছে দলটি।
জাগপা নেতৃবৃন্দ বলেন, আমাদের সংগ্রাম শেষ হয় নাই। খুনি হাসিনার পতন হয়েছে কিন্তু পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীরা ষড়যন্ত্র চলমান রেখেছে। পতিত আওয়ামী লীগের দোসর হিন্দুস্তান সেই ষড়যন্ত্রের নীলনকশা প্রণয়ন করছে। ক্ষমতালোভী নয় জাগপা জন্মলগ্ন থেকে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী দল। আমরা মজলুম জননেতা শফিউল আলম প্রধানের দেখানো পথে সংগ্রাম অব্যাহত রাখবো। বাংলার মাটিতে আওয়ামী লীগের অপরাজনীতিকে কবর দিতে হবে, হিন্দুস্তানের আধিপত্যবাদকে নিশ্চিহ্ন করতে হবে।
পথসভায় আরো বক্তব্য রাখেন- সাতক্ষীরা জেলা জাগপা সমন্বয়ক আতাউর রহমান ফারুকী, জাগপা ছাত্রলীগ সাতক্ষীরা জেলা সভাপতি মোহাম্মদ আরিফ হুসাইন, যুব জাগপা সাতক্ষীরা সমন্বয়ক মো: সোহেল হোসেন, সাতক্ষীরা জাগপা নেতা মো: হোসেন আলী, মো: ইছানুর সরদার, আবুল হোসাইন, আরাফাত হোসেন, শিহাব আহমাদ ফারুকী প্রমুখ।